২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘পুকার’-এর ২৬ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি একটি বিশেষ পোস্ট শেয়ার করেন অভিনেতা অনিল কাপুর। সেই সঙ্গে ছবির তাঁর প্রিয় গান ‘সুনতা হ্যায় মেরা খুদা’-র কথাও উল্লেখ করেন তিনি। নস্টালজিক সেই পোস্ট দ্রুতই ভক্তদের মন ছুঁয়ে যায়। তবে একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা। গানটির গায়ক-গায়িকাদের নাম বা ট্যাগ না করায় অনিলকে কটাক্ষ করেন এক নেটিজেন।
এক্স (প্রাক্তন টুইটার)-এ এক ব্যবহারকারী অনিলকে উদ্দেশ্য করে লেখেন, “স্যর, দুঃখের বিষয় যে আপনি পোস্টে গায়ক-গায়িকাদের নাম উল্লেখ করেননি। মনে হচ্ছে নয়ের দশকের বলিউড গায়কদের দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো ভাবা হয়।’ এই মন্তব্য দ্রুত নজরে আসে অভিনেতার।
সমালোচনার জবাবে অনিলও সময় নষ্ট না করে নিজের ভুল স্বীকার করেন। তিনি লেখেন, ‘আমি দুঃখিত। দু’জনের নাম যুক্ত করে আবার পোস্ট করব।’ তাঁর এই দ্রুত প্রতিক্রিয়া ও বিনয়ী মনোভাব অনেকেরই প্রশংসা কুড়িয়ে নেয়।
এরপরই অনিল নতুন করে পোস্টটি শেয়ার করেন। এবার সেখানে গানটির সঙ্গে যুক্ত সমস্ত শিল্পীকেই ট্যাগ করা হয়। ‘সুনতা হ্যায় মেরা খুদা’ গানটির একটি ছোট ক্লিপ শেয়ার করে তিনি লেখেন, ‘পুকার ছবির আমার সবচেয়ে প্রিয় গান। আজ সারাদিন বারবার শুনছি।’ সেই সঙ্গে তিনি ট্যাগ করেন সুরকার এ আর রহমান, গায়ক উদিত নারায়ণ ও কবিতা কৃষ্ণমূর্তি, গীতিকার মজরুহ সুলতানপুরি। পাশাপাশি ছবির সহ-অভিনেতা মাধুরী দীক্ষিত, নম্রতা শিরোদকর, পরিচালক রাজকুমার সন্তোষী, চিত্রগ্রাহক সন্তোষ শিবন এবং প্রযোজক বনি কাপুরকেও উল্লেখ করেন তিনি।
অনিলের এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক সাড়া ফেলে। অনেকেই পোস্টে তাঁর ভুল স্বীকার করার প্রশংসা করেন। কেউ কেউ আবার বলেন, ক্ষমা চাওয়ারও প্রয়োজন ছিল না। ভুল শুধরে নেওয়াটাই যথেষ্ট।
‘পুকার’ অনিলের কেরিয়ারের অন্যতম স্মরণীয় ছবি। ছবিতে তিনি মেজর জয়দেবের চরিত্রে অভিনয় করেন। যে এক ভয়ঙ্কর জঙ্গির হাত থেকে এক রাজনীতিককে রক্ষা করে। পরবর্তী সময়ে সেই জঙ্গি ও তাঁর শৈশবের বন্ধু অঞ্জলি মিলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। অনিলের অভিনয় সেই সময় প্রশংসিত হয়েছিল। ছবির গানগুলি তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, যার মধ্যে ‘সুনতা হ্যায় মেরা খুদা’ আজও দর্শকের প্রিয় গানের তালিকায় রয়েছে।
