নিজস্ব সংবাদদাতা: শেষ দেখা গেছিল জি বাংলার 'যমুনা ঢাকি' ধারাবাহিকে। এরপর টেলিভিশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন টলিপাড়ার পরিচিত মুখ দেবযানী চট্টোপাধ্যায়। তবে কাজ চালিয়ে গিয়েছেন বড় পর্দা ও ওটিটিতে। এবার তিন বছর পর ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী। 

বেশ কয়েকদিন আগে 'এসভিএফ'-এর প্রযোজনায় জি বাংলায় শুরু হয়েছে 'চিরদিনিই তুমি যে আমার'। সেই ধারাবাহিকেই দেবযানীকে দেখা যাবে। বলা বাহুল্য, 'চিরদিনিই তুমি যে আমার'-এর হাত ধরেই ছোট পর্দায় কামব্যাক করেছেন দিতিপ্রিয়া, জিতু কমলও। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করবেন দেবযানী। 

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়। বহু বছর ধরে নেগেটিভ এবং পজিটিভ সব রকমের চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি। বড়পর্দা, ছোটপর্দা মিলিয়ে তাঁর কাজের সংখ্যা নেহাত কম নয়। তাঁর ঝুলিতে রয়েছে অরিন্দম শীল 'তীরন্দাজ শবর',  'দুর্গা সহায়'-এর মতো ছবি। 

 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে অসমবয়সী প্রেমের গল্পে জুটি বেঁধেছেন জিতু ও দিতিপ্রিয়া। ছোট পর্দায় তাঁদের নতুনভাবে দেখার জন্য প্রথম থেকেই উৎসাহিত ছিলেন দর্শকেরা। ধারাবাহিকটি নিয়ে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। সেই প্রত্যাশা প্রথম থেকেই ধারাবাহিকটি পূরণ করতেও শুরু করেছে। নতুন মেগা হয়েও 'চিরদিনই তুমি যে আমার' গত সপ্তাহে টিআরপি তালিকায় সপ্তম স্থানে জায়গা পেয়েছে। এবার সেই ধারাবাহিকেই কামব্যাক করছেন দেবযানী।