নিজস্ব সংবাদদাতা: জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেতা দেবাঞ্জন চট্টোপাধ্যায়। সদ্যই শেষ হয়েছে সান বাংলার 'দেবীবরণ' ধারাবাহিক‌। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল দেবাঞ্জন। তবে এবার কাজে নয়, নিজের জীবনে নতুন শুরু করতে চলেছেন অভিনেতা। 

 


প্রেমিকা কথামৃতা চক্রবর্তীর সঙ্গে জীবনের বাকি পথটা চলার সিদ্ধান্ত নিয়েছেন দেবাঞ্জন। ২০২২ সালে বাবা-মা দু'জনকেই হারিয়েছেন এই অভিনেতা। তবে জীবনকে থেমে থাকতে দেননি তিনি। বারবার শেষ থেকে শুরু করেছেন দেবাঞ্জন। তাই দু'বছর প্রেম পর্বের পর অবশেষে প্রিয় মানুষের হাতটা পাকাপাকি ধরার ব্যবস্থা করে ফেলেছেন তিনি। 

 


দেবাঞ্জন জানান, ২ জুন বিয়ে করতে চলেছেন তাঁরা। পরিবারের খুব কাছের মানুষদের নিয়ে ঘরোয়া ভাবেই বিয়ের অনুষ্ঠান করবেন। নিউ ব্যারাকপুরে কথামৃতার বাড়িতেই বিয়ের আয়োজন করা হচ্ছে। খুব জাঁকজমকভাবে অনুষ্ঠান করে বিয়ে করছেন না বলে জানিয়েছেন দেবাঞ্জন। হাতে আর বেশি দিন বাকি নেই, তাই সব ব্যস্ততার মাঝেও ইতিমধ্যেই আইবুড়ো ভাত খাওয়া শুরু করে দিয়েছেন হবু দম্পতি। 

 

 

প্রথম আইবুড়ো ভাত খাওয়ার ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে এই সুখবর দিয়েছেন দেবাঞ্জন। যদিওব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করেন তিনি। তাই প্রেমিকা কথামৃতার সঙ্গেও খুব বেশি ছবি এর আগে প্রকাশ্যে আনেননি দেবাঞ্জন। জীবনের নতুন অধ্যায় শুরুর খবর ভাগ করে তাই অনুরাগীদের চমকে দিয়েছেন অভিনেতা।