ছোটপর্দার পরিচিত মুখ অধিরাজ গাঙ্গুলি। বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করেছেন তিনি। অধিরাজকে দর্শক দেখেছেন বিভিন্ন ওটিটি সিরিজেও। এবার তাঁকে দেখা যেতে চলেছে বড়পর্দায়। প্রদীপ বিশ্বাসের পরিচালনায় আসছে 'সেকেন্ড উইশ'। এই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে অধিরাজকে। তাঁর বিপরীতে থাকবেন অর্ণা ধর।
গল্প অনুযায়ী রবি আর দুলু একই ক্লাসে পড়ে। ক্লাসের বাকিরা পড়া পারলেও এই দুটো ছেলে সব সময় পিছিয়ে থাকে। রবির বাবা ক্ষেত মজুরের কাজ করে পরিবারের জন্য দু'বেলা খাবার যোগাড় করতে ব্যর্থ আর দুলুর বিধবা মা লোকের বাড়ি কাজ করে দুলুর পেট ঠিকমতো ভরাতে পারেন না। রবি আর দুলুর মনে তাই সব সময় খাবারের চিন্তাই ঘোরে। স্কুল মাস্টার তপনবাবু এদের শাসন করলেও মাঝেমধ্যে খাবার এনে দেন। তিনি বোঝেন, দু'বেলা খেতে পেলে এরাও পিছিয়ে পড়তো না। এদিকে তপনবাবুর মেয়ে দিয়া ভালবাসে টিউশন মাস্টার সজলকে। কিন্তু তপনবাবু চান না তার মেয়ের বিয়ে হোক চালচুলোহীন সজলের সঙ্গে। তিনি দিয়াকে পাত্রস্থ করতে চান রেলের অফিসার কেশবের সঙ্গে। এদিকে কেশবের বাবা-মায়ের চাহিদার যেন শেষ নেই। তপনের স্ত্রী রমা বারবার এই ব্যাপারে সাবধান করলেও একগুঁয়ে তপন জমি বিক্রি করে হলেও বড়লোক পাত্রের আবদার পূরণ করতে চান। মাঝে পড়ে মন ভেঙে যায় সজল আর দিয়ার।

রবি আর দুলু ভূতের রাজার খোঁজ করে। ভূতের রাজার থেকে তারা ভালমন্দ খেতে পাওয়ার বর চাইবে। কিন্তু ভূতের রাজা তো দেবেন দুটো বর। খাবার ছাড়া আর কী বা চাইবে তারা? তাদের ছোট মাথায় দ্বিতীয় বরটা অধরা থেকে যায়। তারা তাই তপনবাবুর কাছে জানতে চায় দ্বিতীয় বরটা কী চাওয়া উচিত। তপনের সঙ্গে পরামর্শ করে তারা ঠিক করে, তারা চাইবে এই পৃথিবীর সব শিশু যেন দু'বেলা পেট ভরে খেতে পায়। এভাবেই এগোয় ছবির গল্প।
প্রসঙ্গত, অধিরাজ, অর্ণা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দুর্নিবার মজুমদার ও কৃষাণ নস্কর। ছবির গানের দায়িত্বে রয়েছেন অঙ্কুর দত্ত। এসএস এন্টারটেনমেন্টের ব্যানারে খুব তাড়াতাড়ি বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।















