নিজস্ব সংবাদদাতা: সোমবার সকালে তাঁর ‘দুর্গরহস্য’র প্রচারে যোগ দেওয়ার কথা ছিল। আসেননি ‘ব্যোমকেশ বক্সী’র প্রিয় বন্ধু ‘অজিত’। এদিন তাঁর জন্মদিন। বিশেষ দিনে তাঁর কোনও সাড়াশব্দ নেই! কোথায় গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়? রাতে সেই উত্তর মিলল। সম্ভবত, সপরিবার তিনি জন্মদিনের উদযাপনে ব্যস্ত ছিলেন। পাশে প্রিয়াঙ্কা সরকার, সহজ। একান্ত সেই ছবি ফাঁস। এই কারণেই কি এদিন প্রচারে দেখা যায়নি তাঁকে? ছবি পেয়ে যোগাযোগের চেষ্টা করেছিল আজকাল ডট ইন। ফোনে পাওয়া যায়নি ‘বার্থডে বয়’কে। কেবল স্ত্রী-ছেলেকে নিয়েই কি কেক কাটলেন অভিনেতা? ছবি বলছে তেমনটা নয়। রাহুলের বাড়িতে এদিন প্রিয়াঙ্কা-সহজের সঙ্গে ছিলেন রাহুলের মা, আত্মীয়া। তাঁদের সঙ্গে নিয়ে একফ্রেমে ধরাও দেন তিনি। সেই ছবি এখন ভাইরাল। সকাল থেকেই সামাজিক মাধ্যমে প্রচুর শুভেচ্ছা পেয়েছেন তিনি। ছোটপর্দার সহ-অভিনেতা থেকে কাছের বন্ধুরা সেই তালিকায়। রাহুল এদিন সাদা পোশাকে স্নিগ্ধ। ছেলে বাবার সঙ্গে রং মিলিয়ে সাদার উপরে সরু স্ট্রাইপ আঁকা টি শার্ট পরেছে। প্রিয়াঙ্কা ফুলছাপ কালো টপ। সব মিলিয়ে ছোট পরিবার সুখি পরিবারের ইঙ্গিত। কিছুদিন আগেই প্রাক্তন সন্দীপ্তা সেনের বিয়ের খবর নিয়ে কথা বলার সময় অবশ্য সেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আজকাল ডট ইন জানতে চেয়েছিল, ‘বিশেষ বন্ধু’র বিয়ে, রাহুলের মনখারাপ? প্রশ্ন শুনে হেসে ফেলেছিলেন অভিনেতা। তাঁর কথায়, ‘‘মনখারাপ হবে কেন? এটা তো খুব খুশির খবর। আমার জীবনও তো পরিপূর্ণ। অনেক বছর পরে একমাত্র সন্তানের সঙ্গে পুজো কাটাতে পারব। স্ত্রী, পরিবার সঙ্গে থাকবে। এর জন্য আন্তরিক ধন্যবাদ সমস্ত অনুরাগী এবং শুভাকাঙ্খীদের। আপাতত এই আনন্দেই মশগুল।’’
EXCLUSIVE: একফ্রেমে রাহুলের পাশে প্রিয়াঙ্কা-সহজ! সপরিবার জন্মদিন উদযাপনে ‘দুর্গরহস্য’র ‘অজিত’?
