ভূতেদের সঙ্গে সম্পর্কটা আরও মজবুত হতে চলেছে অভিনেতা, পরিচালক সৌপ্তিক চক্রবর্তীর। গত বছর মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ছবি 'দেবী'। ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতা সোমরাজ মাইতি ও অভিনেত্রী রণিতা দাসকে। ভৌতিক কাণ্ডের উপর নির্ভর করে রোমান্টিক কমেডি ঘরানার ছবি তৈরি করেছিলেন সৌপ্তিক। বড়পর্দায় 'দেবী' মুক্তি পাওয়ার পর থেকেই ফের ভূতের ছবি তৈরির ভাবনায় ডুবেছিলেন সৌপ্তিক। তবে এবার বাঙালি ভূতেদের তিনি পৌঁছে দিচ্ছেন হিন্দি মাধ্যমে।
তাঁর পরিচালনায় তৈরি হয়েছে ৫০টি গল্প নিয়ে মেগা সিরিজ। গল্পগুলো সবই বাঙালি ভূতেদের। ৫০টি গল্পেরই পরিচালনার দায়িত্ব সামলেছেন সৌপ্তিক। ইতিমধ্যেই হয়ে গিয়েছে সেই মেগা সিরিজের শুটিং। জানা যাচ্ছে, এই সিরিজে টলিউড থেকে দেখা যেতে পারে সাগ্নিক চ্যাটার্জি, সায়ন্তনী মুখার্জি, সায়ন ঘোষের মতো অভিনেতাদের। এছাড়াও থাকবেন বহু পরিচিত মুখ। তবে গল্পের বিশ্বাসযোগ্যতার খাতিরে বেশিরভাগই নতুন মুখদের বেছেছেন পরিচালক। শুধু পরিচালক হিসেবে নয়, এই সিরিজে অভিনেতা হিসেবেও থাকছেন সৌপ্তিক।
৫০টি বাঙালি ভূতের গল্প নিয়ে তৈরি এই মেগা সিরিজের নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে আপাতত 'ডরনা মানা হ্যায়' টাইটেলে এগোচ্ছে সিরিজের প্রোডাকশন পরবর্তীর কাজ। জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি ঘোষণা হতে চলেছে এই সিরিজটির। জনপ্রিয় হিন্দি ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হয়েছে 'ডরনা মানা হ্যায়'। খুব তাড়াতাড়িই মুক্তি পাবে এই মেগা সিরিজ।
প্রসঙ্গত, এখন দর্শকের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে মেগা সিরিজ। সিরিয়ালের আদলেই তৈরি হচ্ছে এগুলো। তবে অল্প কয়েকটি পর্বেই শেষ হচ্ছে। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ শুরু হয়েছে এই নতুন প্রকল্প। মুক্তি পেয়েছে ঋতাভরী চক্রবর্তীর মেগা সিরিজ 'শাখা প্রশাখা'। মুক্তির তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি এই রকম সিরিজ। এবার হিন্দি মাধ্যমেও আসছে এই নতুন প্রকল্প। দর্শক মহলে কতটা সাড়া ফেলে সৌপ্তিকের ৫০টি ভূতের গল্প, এখন সেটাই দেখার।
