ঈদের শুভক্ষণে প্রতিবছরের মতো এবারও অনুরাগীদের নিরাশ করলেন না বলিউডের 'ভাইজান' সলমন খান। মুম্বইয়ের বান্ড্রায় তাঁর আবাসন 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট'-এর ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নেড়ে অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানালেন তিনি। তবে এবারের ঈদ উদযাপনে বিশেষ মাত্রা যোগ করেছে তাঁর বাবা, বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানের উপস্থিতি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম জনসমক্ষে দেখা গেল তাঁকে।

গত বেশ কিছুদিন ধরে সেলিম খানের স্বাস্থ্য নিয়ে বিচলিত ছিলেন অনুরাগীরা। জানা গিয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে তাঁকে ভেন্টিলেশনেও রাখতে হয়েছিল। তবে ঈদের ঠিক কয়েক দিন আগে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। এদিন কাচ ঘেরা বারান্দায় সলমনের পাশে তাঁকে দেখে অনুরাগীদের মধ্যে স্বস্তির হাওয়া বয়ে যায়। বার্ধক্যজনিত দুর্বলতা থাকলেও ছেলের সঙ্গে দাঁড়িয়ে হাসিমুখে হাত নেড়ে অনুরাগীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। 

?ref_src=twsrc%5Etfw">March 21, 2026

নিরাপত্তার খাতিরে সলমনের ব্যালকনিতে এখন বুলেটপ্রুফ কাচ লাগানো হয়েছে। তার আড়াল থেকেই সলমন হাত নাড়েন এবং অনুরাগীদের উদ্দেশে চুমু ছুঁড়ে দেন। এদিন সলমনের পরনে ছিল ক্যাজুয়াল পোশাক। অভিনেতার সঙ্গে এদিন পরিবারের অন্য সদস্যদেরও দেখা গেছে। তাঁর মা সালমা খান, ভাই সোহেল খান এবং বোন অর্পিতা খান শর্মার সন্তানদেরও ব্যালকনিতে দেখা যায়। 

সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এদিন ছিল মানুষের জনসমুদ্র। প্রিয় তারকাকে এক পলক দেখার জন্য কাকভোর থেকেই ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। অনুরাগীদের সঙ্গে দেখা করার ভিডিও সমাজমাধ্যমে ভাগ করেছেন সলমন নিজেই। সঙ্গে লিখেছেন, 'ঈদ মুবারক, আপনাদের আশীর্বাদের জন্য নিজেকে ধন্য মনে করছি। বাবা বাড়ি ফিরেছেন।'

প্রসঙ্গত, সলমন বর্তমানে তাঁর আগামী ছবি 'মাতৃভূমি' নিয়ে ব্যস্ত। আগে এই ছবিটির নাম ছিল 'ব্যাটল অফ গলওয়ান'। এই ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। কিছুদিন আগে বাবার অসুস্থতার জন্য শুটিং স্থগিত রেখেছিলেন 'ভাইজান'। এখন শারীরিক অসুস্থতা কাটিয়ে সেলিম খানের প্রত্যাবর্তন এই বছরের ঈদকে খান পরিবারের কাছে আরও বেশি আনন্দের করে তুলেছে।