আজকাল ওয়েবডেস্ক: বাংলায় প্রচারে আসছেন বিজেপির ভিনরাজ্যের মুখ্যমন্ত্রীরা। একের পর এক নেতারা আসছেন। একাধিক সভা করেছেন। তেমনই একজন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি এবার যা বললেন তাতে তো ভিরমি খাওয়ার জোগাড়।
এক নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, ‘আমাকে রক্ত দাও। আমি তোমাদের স্বাধীনতা দেব।’ যোগীর কথায় এই মহান উক্তিটি করেছিলেন স্বামী বিবেকানন্দ। যদিও এই বিষয়ে এক্স হ্যান্ডলে তৃণমূলের তরফে সাগরিকা ঘোষ বলেছেন, ‘বিজেপির চরম ও লজ্জাজনক অজ্ঞতা প্রতিদিন বারবার উন্মোচিত হচ্ছে। ‘আমাকে রক্ত দাও, আমি স্বাধীনতার প্রতিশ্রুতি দিচ্ছি’–এই বিখ্যাত স্লোগানটি স্বামী বিবেকানন্দ নন, বরং নেতাজি সুভাষচন্দ্র বসু উচ্চারণ করেছিলেন। বিজেপি বাড়ি যান। বাংলায় থাকার চেষ্টাও করবেন না।’
?s
প্রসঙ্গত, সোমবার জয়পুরের মঞ্চে দাঁড়িয়ে চরম অজ্ঞতা আর দায়িত্বজ্ঞানহীনতার নজির গড়লেন যোগী আদিত্যনাথ! বাংলার মনীষীদের সম্পর্কে যে ন্যূনতম ধারণাটুকুও নেই, সেটাই আজ আবার প্রমাণ হয়ে গেল! স্বামী বিবেকানন্দের নামে এমন ভয়ঙ্কর ভুল?
তৃণমূলের কথায়, ‘ইতিহাসের ন্যূনতম জ্ঞান না থাকলে এমন ভুল হতেই পারে। কিন্তু প্রশ্ন হল, যারা দেশ, সংস্কৃতি আর মহান ব্যক্তিত্বদের নাম করে রাজনীতি করেন, তাদের কাছ থেকে কি এটাই প্রত্যাশিত? এটা শুধু ভুল নয়, এটা ইচ্ছাকৃত বিকৃতি। বাংলার গর্ব, দেশের ইতিহাস, সবকিছুকে এভাবে বিকৃত করার অধিকার আপনাদের কে দিয়েছে?’
















