আজকাল ওয়েবডেস্ক: পূর্ব বর্ধমানের গলসীর বিজেপি প্রার্থী রাজু পাত্র বর্ধমানে মনোনয়ন দিতে এলেন বুলডোজারে চেপে। তার বার্তা 'লাউড এন্ড ক্লিয়ার'। অত্যচার, দুর্নীতি, মা-বোনেদের উপর নির্যাতন থেকে উন্নয়নের অভাব সবই মুছে দেবেন বুলডোজার দিয়ে। অবশ্য ভোটে জিতলে। তার সঙ্গে হিন্দুদের পাশে দাঁড়ানো তো আছেই।
বিজেপির মনোনয়ন ঘিরে পূর্ব বর্ধমানে এদিন দেখা গেল ভিন্নমাত্রার প্রচার কৌশল। গলসী কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু পাত্র বুলডোজারে চেপে মনোনয়ন জমা দিতে এসে নজর কাড়েন। তাঁর দাবি, খুন, ধর্ষণ ও তোলাবাজির মতো অপরাধ দমনে 'বুলডোজার রাজ' চালু করা হবে পশ্চিমবঙ্গেও, যার অনুপ্রেরণা উত্তরপ্রদেশ।
মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় বিজেপির মনোনয়ন কর্মসূচিকে কেন্দ্র করে জোরদার প্রস্তুতি নেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর।
এদিন বর্ধমান রেল স্টেশন থেকে গলসী, আউসগ্রাম, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ ও ভাতার কেন্দ্রের প্রার্থীরা একত্রিত হয়ে মনোনয়ন জমা দিতে শোভাযাত্রা করেন। অন্যদিকে, বড়নীলপুর মোড় থেকে মেমারি, খণ্ডঘোষ, জামালপুর ও রায়না কেন্দ্রের প্রার্থীরাও মিছিলে যোগ দেন।
দুই দিকের মিছিল এসে মিলিত হবে শহরের গুরুত্বপূর্ণ স্থান কার্জন গেট চত্বরে। সেখান থেকে একসঙ্গে মনোনয়ন জমা দিতে রওনা দেবেন প্রার্থীরা।
বাংলায় প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। আগামী ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর।
২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।
কবে মনোনয়ন জমা ও প্রত্যাহার করা যাবে:
প্রথম দফায় প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে ৬ এপ্রিলের মধ্যে। প্রথম দফায় মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ৭ এপ্রিল। প্রথম দফার প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৯ এপ্রিল।
দ্বিতীয় দফায় প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে ৯ এপ্রিলের মধ্যে। এই দফায় মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল। দ্বিতীয় দফায় মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ এপ্রিলের মধ্যে।
















