আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে। শহর থেকে জেলা— সর্বত্রই এখন প্রচারের পারদ তুঙ্গে। একে অপরকে টেক্কা দিতে রাজনৈতিক দলগুলো বেছে নিচ্ছে নিত্যনতুন কৌশল। ঠিক এই আবহেই বাঁকুড়ার খাতড়া বাজারের এক জনসভায় টলিউড-বলিউড নয়, খোদ ৫০ বছর আগের কালজয়ী সিনেমা ‘শোলে’র প্রসঙ্গ টেনে আনলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বর্ষীয়ান এই নেতার রসিকতায় যেমন হাসির রোল উঠল সভায়, তেমনই তাঁর তিক্ষ্ণ কটাক্ষ বিঁধল তৃণমূল ও বিজেপিকে।
খাতড়ার জনসভায় ভাষণ দেওয়ার সময় হঠাতই সেলিমের মুখে উঠে আসে ‘শোলে’র সেই বিখ্যাত দৃশ্যের কথা, যেখানে অভিনেতা ধর্মেন্দ্র ওরফে বীরু জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসেছিলেন হেমা মালিনীকে বিয়ে করার জেদ ধরে। সমকালীন রাজনীতির সঙ্গে সেই দৃশ্যকে জুড়ে দিয়ে সেলিম মশকরা করে বলেন, “তখনকার জমানায় তো অন্তত জলের ট্যাঙ্কের উপর ওঠা যেত। তৃণমূল-বিজেপির জমানা হলে সেই জলের ট্যাঙ্ক তো ভেঙে পড়ত!” দুর্নীতির দিকে আঙুল তোলা সেলিমের এই মন্তব্য শুনে সভায় উপস্থিত জনতা হাসিতে ফেটে পড়েন।
রসিকতার রেশ বজায় রেখেই সেলিম আরও বলেন, “আমি পুরনো আমলের মানুষ, তাই ৫০ বছর আগের সিনেমার কথা মনে পড়ে যায়।” বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তিনি শৈশবে দেখা সাপের খেলার সঙ্গে তুলনা করেন। তাঁর কথায়, সাপুড়েরা যেমন খেলা দেখিয়ে মানুষের পকেট খালি করে চলে যেত, তৃণমূল ও বিজেপিও ভোটের আগে ঠিক তেমনই নানা ‘খেলা’ দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
তবে শুধু হাসি-ঠাট্টা নয়, খাতড়ার এই সভা থেকে বড়সড় প্রতিশ্রুতিও দিয়েছেন সেলিম। তিনি স্পষ্ট জানান, বামেরা ক্ষমতায় এলে ১০০ দিনের কাজকে বাড়িয়ে ২০০ দিন করা হবে। সেই সঙ্গে শ্রমিকদের দৈনিক নূন্যতম মজুরি অন্তত ৬০০ টাকা করার অঙ্গীকারও শোনা যায় তাঁর গলায়। লাইমলাইট কাড়ার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার হাসি চওড়া হয়, তা সময়ই বলবে। তবে এদিনের সভা যে সাধারণ মানুষের মনে দাগ কেটেছে, তা স্পষ্ট।















