আজকাল ওয়েবডেস্ক: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। এ বার বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় একদিকে তরুণ আর আরেকদিকে অভিজ্ঞদের মিশেলে বাজিমাত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর কয়েক সপ্তাহের অপেক্ষা। এপ্রিলের শেষে বাংলায় বিধানসভা নির্বাচন। আজ মঙ্গলবার ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।

মঙ্গলবার প্রকাশিত তালিকায় দেখা গেল, মমতা ব্যানার্জি একদিকে যেমন দলের তরুণ প্রার্থীদের ওপর ভরসা রেখেছেন, তেমনই হাত ছাড়েননি পোড়খাওয়া রাজনীতিকদেরও।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হলেন শীর্ষাণ্য ব্যানার্জি। এর আগে তিনি ভোটে দাঁড়াননি কোনওদিন। প্রার্থী তালিকা ঘোষণার পরেই আজকাল ডট ইন-কে কল্যাণ পুত্র জানালেন, "আমি ২০০৫ সাল থেকে টানা  ছাত্ররাজনীতি করেছি। তৃণমূল ছাত্র পরিষদ তখন সিপিএমের সরকার ছিল৷ আমি সিআর হয়েছি, কালচারাল সেক্রেটারি হয়েছি, জেনারেল সেক্রেটারি হয়েছি, প্রেসিডেন্ট হয়েছি, ইউনিয়নের প্রেসিডেন্ট হয়েছি। মমতা ব্যানার্জির আশীর্বাদে ২০১১ পর্যন্ত তৃণমূলের কোর কমিটির কনিষ্ঠতম সদস্য ছিলাম। মমতা ব্যানার্জি সেই আমলে আমাকে লড়াই করার শক্তি দিয়েছেন৷ সিপিএমের কাছে মার খেয়েছিলাম তখন। পঙ্কজ ব্যানার্জির পার্টি অফিসে মেরে পাঁজর ভেঙে দিয়েছিল আমার। সেই সময় থেকে রাজনীতি করছি আমি।"

এছাড়াও তিনি বলেন, "২০১১ সালে সরকার আসার পরে মমতা ব্যানার্জি আমাকে বলেছিলেন হাইকোর্টের অন্দরে আমাকে সরকারের হয়ে লড়তে হবে৷ আমি সেই লড়াই'ই করে গেছি এতদিন৷ অক্লান্ত ভাবে করে গেছি৷" পাশাপাশি তিনি বলেন সরকারের সমস্ত প্রকল্প চালিয়ে নিয়ে যেতে হবে, তাঁর কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। 

কল্যাণ পুত্র জানান, "তৃণমূল-কংগ্রেস তথা যেকোনও সংগঠনই একটা 'টিম ওয়ার্কের' মত কাজ করে। সবাই বিভিন্ন স্তরে কাজটা করে৷ আমি যেমন হাই কোর্টে করেছি৷" এবিষয়ে  তিনি সাফ জানান, লড়াই তিনি যেখান থেকেই করুন না কেন প্রতিপক্ষ একই থাকবে, বক্তব্যও একই থাকবে৷ 

মীনাক্ষী মুখার্জির সম্পর্কে শীর্ষাণ্য বলেন, " চাপটা কি আমার না ওনার? তিনি নন্দীগ্রামে বিপুল ভোটে হেরেছেন। এমনকী যে ভাষায়  প্রচার করছেন, উত্তরপাড়ার মানুষ তা দেখছে।" শীর্ষাণ্য বলেন "ওনার লড়াই আমার সঙ্গে নয়। আমার লড়াই হল, আমার মার্জিন বাড়াতে হবে৷ সিপিএম বিজেপি যা ভোট পাবে তার ডবল ভোট পাব আমি৷ এটাই আমার লক্ষ্য৷ ওনাদের লড়াই আমার সঙ্গে নয়৷"