আজকাল ওয়েবডেস্ক: ফের শিরোনামে নন্দীগ্রাম। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই রাজ্যের এই 'হট সিট'-এ জোর বাড়াচ্ছে ঘাস ফুল শিবির। একদা শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত পবিত্র কর এখন শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ।
মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নন্দীগ্রামের বিজেপি নেতা পবিত্র কর। কিছু সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় নন্দীগ্রাম ২১০ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে পবিত্র করের নাম ঘোষণা হয়।
সন্ধ্যে থেকে নানা কর্মসূচির পরে জেলা তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বরা পবিত্রবাবুর বাড়িতে আসেন আসন্ন নির্বাচনের রণকৌশল ঠিক করতে। তারপরেই বিজেপি পরিচালিত বয়াল ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শিউলি বেরা কর তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী পবিত্র করের স্ত্রী শিউলি বেরা কর।
যোগদানের পর তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, "এই নির্বাচনে আমরা নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হব। গোটা নন্দীগ্রাম আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য উজ্জীবিত।"
