আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনের আবহে কোচবিহারের দিনহাটা কলেজের স্ট্রংরুমে সিসিটিভি মনিটর হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়াল। শনিবার দুপুর প্রায় ৩.১৫ মিনিট নাগাদ আচমকাই স্ট্রংরুমের সিসিটিভি মনিটর অচল হয়ে পড়ে। যা নজরে আসতেই উপস্থিত প্রার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় শুরু হয় দৌড়াদৌড়ি।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নিজ নিজ প্রার্থীদের বিষয়টি জানান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান বিজেপি প্রার্থী অজয় রায়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও উপস্থিত হন সুবীর সাহা চৌধুরী ও প্রিয়ঙ্কর রায় বর্মন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন মহকুমা শাসক ভরত সিং।

প্রাথমিকভাবে প্রশাসনের তরফে জানানো হয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণেই সিসিটিভি মনিটর বন্ধ হয়ে যায়। তবে, এই ব্যাখ্যা ঘিরেই উঠেছে একাধিক প্রশ্ন। অভিযোগ, স্ট্রংরুমে অটো ব্যাকআপ ব্যবস্থা থাকার পরও তা কেন কার্যকর গল না, তা স্পষ্ট নয়। যদিও পরে জানা যায়, ডিভিআর চালু ছিল এবং ফুটেজ রেকর্ডিং চলছিল। এতে কিছুটা হলেও আশ্বস্ত হন বিভিন্ রাজনৈতিক দলের উপস্থিত প্রতিনিধিরা।

তবে, বিরোধী দলগুলির তরফে এই ঘটনাকে ঘিরে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তাঁদের বক্তব্য, নির্বাচনকালীন এমন গুরুত্বপূর্ণ স্থানে প্রযুক্তিগত ত্রুটি বড় রহস্যময়। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকেও দ্রুত তদন্ত করে বিষয়টি স্পষ্ট করার দাবি জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্ট্রংরুমের মতো স্পর্শকাতর জায়গায় ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি না তৈরি হয়, তার জন্য কড়া পদক্ষেপ করার দাবি তুলেছে রাজনৈতিক মহল।

এর আগে জঙ্গিপুর, রামপুরহাট, ঘাটালের স্ট্রংরুম থেকেও একই অভিযোগ সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত এইসব এলাকার স্ট্রংরুমে বিভিন্ন সময়ে একাধিকবার সিসি ক্যামেরা বিকল হয়ে পড়ে বলে অভিযোগ। তৃণমূলের তরফে দ্রুত পদক্ষেপের জন্য কমিশন ও প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে মেল করে বিষয়টি জানানো হয়েছে।