আজকাল ওয়েবডেস্ক: সাগরের জনসভা শেষে নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সাময়িক সিগন্যাল সমস্যার কারণে প্রায় ১০ মিনিট হেলিকপ্টার আটকে রইল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি র। রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গঙ্গাসাগরের কালী গিরি ময়দানে তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে নির্বাচনী জনসভা করতে আসেন অভিষেক।
জানা গিয়েছে, এদিন হেলিকপ্টারেই সাগরে পৌঁছান অভিষেক ব্যানার্জি এবং নির্ধারিত সময় অনুযায়ী জনসভা শেষ করেন। জনসভা শেষে তাঁর পরবর্তী গন্তব্য ছিল নন্দীগ্রাম। সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ছিল নির্ধারিত। কিন্তু সিগন্যাল সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যার কারণে আকাশের ওড়ার আগে হেলিকপ্টারটি কিছু সময়ের জন্য গ্রাউন্ডে আটকে থাকে। প্রায় ১০ মিনিট ধরে এই সমস্যা চলে। ফলে নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা বিলম্ব হয় তাঁর যাত্রা।
এই বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সংসদ বাপি হালদার জানান, “জনসভার পর নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় সিগন্যাল সমস্যার কারণে সামান্য দেরি হয়। তবে খুব দ্রুত সেই সমস্যা মিটে যায় এবং এরপরই হেলিকপ্টার অভিষেক ব্যানার্জিকে নিয়ে আকাশে উড়ে যায় ।”
রাজনৈতিক মহলের মতে, এই সাময়িক বিলম্বের ফলে নন্দীগ্রামের জনসভায় সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। এদিকে, হেলিকপ্টার গ্রাউন্ডে উপস্থিত তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা তৈরি হলেও, দ্রুত সমস্যা মিটে যাওয়ায় স্বস্তি ফেরে। অনেকেই তাঁর নিরাপদ যাত্রার জন্য প্রার্থনা করেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এটা সম্পূর্ণরূপে একটি প্রযুক্তিগত সমস্যা ছিল এবং নিরাপত্তার দিক থেকে কোনও ঝুঁকি তৈরি হয়নি। সব ধরনের নিরাপত্তা প্রোটোকল মেনেই পরিস্থিতি সামাল দেওয়া হয়। সামগ্রিকভাবে, অল্প সময়ের এই বিলম্ব সত্ত্বেও নির্ধারিত কর্মসূচি অনুযায়ীই নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।















