আজকাল ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে মুর্শিদাবাদ জেলায় বড়সড় চমক দিল রাজ্যের শাসক দল।
মঙ্গলবার দুপুর নাগাদ মুর্শিদাবাদে শাসক দল, তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জেলার অন্যতম বৃহৎ বিড়ি ফ্যাক্টরির মালিক তথা শিল্পপতি নুর আলম, বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষকের শিরোপা পাওয়া বাবর আলি এবং বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আব্দুল আজিজ। তৃণমূল সূত্রের খবর, এই তিনজনই আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দলের টিকিট পেতে চলেছেন।
রঘুনাথগঞ্জের মঙ্গলজোন এলাকায় দলীয় অফিসে জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমান, রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন নুর আলম এবং ডাক্তার আব্দুল আজিজ।
অন্যদিকে বহরমপুরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান নিয়ামত শেখ রানিনগরের বিধায়ক সৌমিক হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষকের শিরোপা পাওয়া বেলডাঙার ভাবতা এলাকার বাসিন্দা বাবর আলি।
তৃণমূল সুত্রের খবর, মঙ্গলবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সেই তালিকায় এই তিন ব্যক্তির উপস্থিতি এক প্রকার অবশ্যম্ভাবী।
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত ধুলিয়ান পুরসভা এলাকার বাসিন্দা নূর আলম জেলার অন্যতম বৃহৎ বিড়ি কোম্পানি, 'বিজলী বিড়ি'র মালিক। সূত্রের খবর, ২০২১-এর বিধানসভা নির্বাচনে নুর আলমের কাছে তৃণমূল এবং কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব গিয়েছিল। কিন্তু সেই সময়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা না থাকায় তিনি কোনও দলেরই প্রার্থী হতে রাজি হননি। তাঁর পরিবর্তে সামশেরগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী হয়েছিলেন আমিরুল ইসলাম। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তন করার বিষয়ে একপ্রকার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে নুর আলম সম্ভবত সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হবেন।
অন্যদিকে লালগোলা বিধানসভায় এলাকা থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে ডাক্তার আব্দুল আজিজের। সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা লালগোলার বিধায়ক মহম্মদ আলির কাজকর্মে সন্তুষ্ট ছিলেন না। তৃণমূলের ভোটকুশলী সংস্থার সমীক্ষা রিপোর্টও আলির বিপক্ষে ছিল। সেই কারণে তাঁরা লালগোলায় প্রার্থী পরিবর্তন করার কথা দীর্ঘদিন ধরেই চিন্তা করছিলেন। এনামুল হকের জামাই ডাক্তার আব্দুল আজিজ দীর্ঘদিন ধরেই নীরবে লালগোলার বিভিন্ন এলাকায় জনসেবামূলক কাজ করছেন। সম্প্রতি লালগোলার যে সমস্ত এলাকায় নদী ভাঙনের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছিল সেখানে আব্দুল নিজে গিয়ে দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণের কাজ করেছিলেন।
অন্যদিকে আজ বহরমপুরে তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন এবং নিয়ামত শেখের হাত ধরে শাসক দলে যোগদান করেন বাবর আলি। ২০০৯ সালে বাবর আলিকে 'বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষকের' শিরোপা দেওয়া হয়েছিল বিবিসি-র তরফে।
একাধিক দেশীয় এবং আন্তর্জাতিক সম্মানে ভূষিত বাবর আলি গত প্রায় ২৩ বছর ধরে মুর্শিদাবাদে 'আনন্দ শিক্ষা নিকেতন' নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালান। সেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের বিনামূল্য শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। কর্ণাটক সরকারের সরকারি শিক্ষা বইয়ে বাবরের জীবনীও পড়ানো হয়।
তৃণমূল সূত্রের খবর, 'আমজনতা উন্নয়ন পার্টি'র চেয়ারম্যান হুমায়ুন কবীরের বিরুদ্ধে বেলডাঙা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বাবর আলি।
তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে বাবর বলেন, "গত প্রায় ২৩ বছর ধরে আমি 'আনন্দ শিক্ষা নিকেতন' চালাচ্ছি। এই প্রতিষ্ঠান শিক্ষা প্রসারে জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমার মনে হয়েছে সামাজিক ক্ষেত্রেও কিছু করার দরকার রয়েছে। তাই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম।"
তিনি বলেন, "রাজ্যে তৃণমূল কংগ্রেস যেভাবে উন্নয়নের কাজ করে চলেছে এবং অভিষেক ব্যানার্জি যে আন্তরিকতার সঙ্গে আমাকে তৃণমূল দলে যোগ দেওয়ার জন্য আহ্বান করেছেন তাতে আমি মুগ্ধ হয়ে এই দলে যোগদান করেছি।"
অন্যদিকে জঙ্গিপুরে তৃণমূল নেতৃত্বের হাত ধরে শাসক দলে যোগদানকারী দুই বিশিষ্ট ব্যক্তি বলেন, "রাজ্য সরকার গত ১৫ বছর ধরে নিরলসভাবে উন্নয়নমূলক কাজ করে চলেছে এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলোর সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন। সেই দিকে লক্ষ্য রেখেই আজ আমরা তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম।"
