আজকাল ওয়েবডেস্ক: আর কয়েক সপ্তাহের অপেক্ষা। এপ্রিলের শেষে বাংলায় বিধানসভা নির্বাচন। আজ মঙ্গলবার ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই তালিকায় এবারেও একের পর এক চমক রয়েছে।
প্রার্থী তালিকা ঘোষণা করার পরেই তৃণমূল প্রার্থী, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আজকাল ডট ইন-কে বললেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশীর্বাদ করেছেন। এই আশীর্বাদের সম্মান রাখতে হবে। আরও দায়িত্ব বেড়ে গেল। সেই দায়িত্ব নিয়েই কাজ করব।"
ভোটের নির্বাচনে লড়াইয়ের জন্য আজ থেকেই ময়দানে নেমে পড়েছেন চন্দ্রনাথ সিনহা। তৃণমূল প্রার্থী আরও জানালেন, আজ থেকেই বোলপুরে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। কাল থেকেই বোলপুরে ঘুরে ঘুরে প্রচার শুরু করবেন তিনি।
বর্তমানে রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ২০১১, ২০১৬, এবং ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বোলপুর কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। ২০২৬ সালেও এই কেন্দ্রেই তাঁকে প্রার্থী করা হবে, শুরু থেকেই জল্পনা ছিল। সেই জল্পনায় আজ সিলমোহর পড়ল। চন্দ্রনাথ সিনহার দাবি, গত তিনবারের মতো এবারেও বিপুল ভোটে জয়ী হবেন তিনি।
প্রার্থী তালিকা ঘোষণা করার আগেই সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে, তাহলে বার বার বাংলাকে আঘাত করছেন কেন? মনে রাখবেন, বাংলাও প্রত্যাঘাত করবে।
আমরা এখানে সবাই সম্প্রতি নিয়ে থাকি। দাঙ্গা লাগানো প্ল্যান। গায়ের জোরে সবাইকে বলছেন সেন্ট্রাল ডেপুটেশনে পাঠাও। জল কে দেখবে, পাওয়ার লোডশেডিং হলে কে দেখবে। কোথাও কিছু হলে আমায় দোষ দেবেন না। এদের টুঁটি চেপে ধরবেন। ২০২৬-এ ২২৬-এর বেশি সিট পেয়ে জিতব।'
প্রসঙ্গত, রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। আগামী ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর।
২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।
