আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার বিকেলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন একবারেই ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 

তৃণমূল প্রার্থী তালিকায় একের পর এক চমক রয়েছে। এবার বিধানসভা নির্বাচনে লড়বেন তৃণমূলের মুখপাত্র, সাংবাদিক কুণাল ঘোষ। রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বেলেঘাটা কেন্দ্রে লড়বেন এবার। 

প্রার্থী তালিকা ঘোষণা করার পরেই প্রথম আজকাল ডট ইনকে প্রতিক্রিয়া জানালেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। তাঁর কথায়, "প্রথমেই আমি মমতাদি ও অভিষেককে ধন্যবাদ দেব। মমতাদি যে আমার উপর আস্থা রেখেছেন, দলের একজন সৈনিক হিসেবে সেই কর্তব্য পালনের চেষ্টা করব।' 

কুণাল ঘোষ ছাড়াও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আরও একজন সাংবাদিক তৃণমূলের হয়ে লড়বেন। খড়দহে তৃণমূলের প্রার্থী হয়েছেন সাংবাদিক দেবদীপ পুরোহিত। 

জেল থেকে মুক্তি পাওয়ার পর থেকেই তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন কুণাল ঘোষ।‌ রাজ্যসভার সাংসদ হলেও, সরাসরি নির্বাচনের ময়দানে লড়াইয়ে তিনি ছিলেন না। এই প্রথমবার। এতদিন তৃণমূলের মুখপাত্র হিসেবে বারবার সরব হয়েছেন। এবার তাঁর ওপরেই আরও দায়িত্ব বাড়ল। বেলেঘাটায় পরেশ পাশের জায়গায় প্রার্থী করা হল কুণাল ঘোষকে। 

প্রার্থী তালিকা ঘোষণা করার আগেই সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে, তাহলে বার বার বাংলাকে আঘাত করছেন কেন? মনে রাখবেন, বাংলাও প্রত্যাঘাত করবে।
আমরা এখানে সবাই সম্প্রতি নিয়ে থাকি। দাঙ্গা লাগানো প্ল্যান। গায়ের জোরে সবাইকে বলছেন সেন্ট্রাল ডেপুটেশনে পাঠাও। জল কে দেখবে, পাওয়ার লোডশেডিং হলে কে দেখবে। কোথাও কিছু হলে আমায় দোষ দেবেন না। এদের টুঁটি চেপে ধরবেন। ২০২৬-এ ২২৬-এর বেশি সিট পেয়ে জিতব।' 

প্রসঙ্গত, রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। আগামী ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। 

২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। 

২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।