আজকাল ওয়েবডেস্ক:‌ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আসন্ন এপ্রিল মাসে বাড়তি মিলবে দুটি ছুটি। নবান্ন এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।


এটা ঘটনা, রাজ্যে বিধানসভা ভোট রয়েছে ২৩ ও ২৯ এপ্রিল। এই দুটো দিনে রাজ্যের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটের দিনে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় অর্থাৎ যেদিন যে এলাকার ভোট সেখানকার সমস্ত সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্যিক সংস্থা ও শিল্প ইউনিটের কর্মীদের ছুটি থাকবে। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট ১৯৫১–এর আওতায় এই নির্দেশ কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাঁরা অন্যত্র কর্মরত তাঁদেরও ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এক্ষেত্রে সংস্থা কোনওরকম বাধা দিতে পারবে না। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া যে সরকারি কর্মীরা ভোটের ডিউটিতে যাবেন, তাদের যদি ফিরতে দেরি বা অন্য কোনও কারণে ছুটির প্রয়োজন হয় সেক্ষেত্রে ভোটের পরদিন স্পেশাল ছুটিও দেওয়া হবে বলে জানানো হয়েছে।


এর পাশাপাশি ভোটের দিনগুলিকে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ২৩ ও ২৯ তারিখ বাংলায় মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, যে এলাকায় যেদি ভোট তার একদিন আগে থেকেই সেই এলাকায় বন্ধ থাকবে মদের দোকান। 

এটা ঘটনা চলতি মাসেই রয়েছে ছুটি। শুক্রবার গুড ফ্রাইডে। আর শনি ও রবি সরকারি ছুটি। এর অর্থ অনেকেই বাইরে বেরিয়ে পড়বেন। সঙ্গে বাড়তি দুটি ছুটি পেলে মন্দ কী।