আজকাল ওয়েবডেস্ক: আগামী বুধবার শেষদফার ভোট। তার আগে শনিবার কলকাতার শহিদ মিনার চত্বরে কংগ্রেসের প্রচারসভায় যোগ দেওয়ার কথা রাহুল গান্ধীর। কিন্তু, সেই নির্ধারিত সফরের জন্য হেলিকপ্টার অবতরণের অনুমতি দিতে ইচ্ছাকৃত ও অযৌক্তিক বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ হাত শিবিরের। এই বিলম্বের তীব্র নিন্দা জানানো হয়েছে প্রদেশ কংগ্রেস কমিটির তরফে। কংগ্রেসের তিরে স্থানীয় রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশন।
কংগ্রেসের তরপে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, 'স্থানীয় রাজ্য প্রশাসন এবং নির্বাচন কমিশন— উভয়ের তরফেই শেষ মুহূর্তে এমন প্রশাসনিক বাধা সৃষ্টি করা একটি গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিকে ব্যাহত করার অভিপ্রায় গভীর উদ্বেগের। লজিস্টিক বা আনুষঙ্গিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় অনুমতি প্রদান অস্বীকার করা কিংবা বিলম্ব করা কেবল যে অন্যায় তাই নয়, বরং এটি অবাধ ও সুষ্ঠু রাজনৈতিক কার্যকলাপের মূল চেতনাকেও ক্ষুণ্ণ করে।'
হাত শিবিরের দাবি, 'এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও, আমরা পুনরায় জোর দিয়ে বলতে চাই যে, আমাদের পরিকল্পিত সময়সূচির প্রতি আমরা পূর্ণাঙ্গভাবে প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী রাহুল গান্ধীর কর্মসূচিটি যাতে পরিকল্পনা মাফিকই সম্পন্ন হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে; এবং আমরা আমাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠানগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট থাকব।'
এই প্রেস বিবৃতির শেষে, কংগ্রেসের তরপে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান নিরপেক্ষতা বজায় রাখতে যেন- গণতান্ত্রিক প্রক্রিয়াগুলিকে বাধাগ্রস্ত না করা হয়।
রাহুল গান্ধীর শনিবারের সফর:
দুপুর দেড়টায় শ্রীরামপুরে জনসভা।
দুপুর পৌনে তিনটে কলকাতার শহিদ মিনার ময়দানে জনসভা।
বিকেল চায়টে মেটিয়াবুরুজে জনসভা।















