আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-এর চূড়ান্ত তালিকায় নাম বাদ যাওয়া দুই ব্যক্তি সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেলেন৷ বাগদা থানার নাটাবেড়িয়া পাঁচপোতার এলাকার দুই ভাই লক্ষ্মণ ভদ্র ও প্রেমচাঁদ ভদ্র মঙ্গলবার অনলাইনের মাধ্যমে নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেয়েছেন৷ 

দুই ভাই জানিয়েছেন, ৪০ বছর আগে বাংলাদেশ থেকে এসে ভারতে বসবাস শুরু করেছিলেন৷ এদেশে এসে তাঁরা ভোটার তালিকায় নাম তুলেছিলেন৷ এসআইআর-এর চূড়ান্ত তালিকায় তাদের নাম বাদ গিয়ে ছিল৷ মাস চারেক আগে তাঁরা সিএএ-তে আবেদন করেছিলেন। অনলাইনের মাধ্যমে নাগরিকত্ব কার্ড পেয়ে তাঁরা এবার ভোটার তালিকায় নাম তুলবেন বলে জানিয়েছেন। তাঁরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করবেন যাতে ভোট দিতে পারেন৷
এসআইআর-এ বহু মতুয়া উদবাস্তুদের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ উঠেছে৷ তৃণমূল-সহ নানা দলের অভিযোগ, নাগরিকত্ব নিয়ে রাজনীতি চলছে৷ বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এর ফলে উদ্বাস্তু পরিবারে ওই দুই সদস্য সিএএতে আবেদন করে নাগরিকত্ব পেলেও তাঁরা কি এবার ভোট দিতে পারবেন সে প্রশ্ন নিয়েই বিভিন্ন জায়গায় ছোটাছুটি শুরু করেছেন৷

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে আরও পাঁচ লক্ষ। মোট ৬৩ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। আন্ডার অ্যাজুডিকেশন বা বিবেচনাধীন রয়েছেন ৬০ লক্ষ ভোটার। এই ৬০ লক্ষ ভোটারের নথি যাচাই করছেন বিচারবিভাগীয় আধিকারিকরা। এর মধ্যে ২০ লক্ষ যাচাই হয়ে যাওয়া ভোটারের নাম সম্বলিত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা কথা জানিয়েছে কমিশন। সেই তালিকা এই সপ্তাহ প্রকাশিত হওয়ার কথা ছিল। তা এখনও প্রকাশ করেনি কমিশন।

চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরেই বাংলায় ভোট ঘোষণা করে দিয়েছে কমিশন। আগামী ২৩ এবং ২৬ এপ্রিল দুই দফায় ভোট হবে বাংলায়। ফলপ্রকাশ ৪ মে। ইতিমধ্যেই ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যে। ভোটের পূর্বে আরও বাহিনী আসার সম্ভাবনা রয়েছে।