আজকাল ওয়েবডেস্ক: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। এ বার বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় একদিকে তরুণ আর আরেকদিকে অভিজ্ঞদের মিশেলে বাজিমাত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার প্রকাশিত তালিকায় দেখা গেল, মমতা ব্যানার্জি একদিকে যেমন দলের তরুণ প্রার্থীদের ওপর ভরসা রেখেছেন, তেমনই হাত ছাড়েননি পোড়খাওয়া রাজনীতিকদেরও।

পরিসংখ্যান বলছে, এ বার ৩১ বছরের কম বয়সি ৪ জন প্রার্থীকে ভোটের লড়াইয়ের ময়দানে নামিয়েছে ঘাসফুল শিবির। ৩১ থেকে ৪০ বছর বয়সি প্রার্থীর সংখ্যা ৩৮। তবে তালিকায় সবচেয়ে বেশি ভিড় মধ্যবয়সীদের। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন ৮৮ জন এবং ৫১ থেকে ৬০ বছর বয়সী প্রার্থীর সংখ্যা ৮৯।

তৃণমূল সূত্রে খবর, ‘পুরনো চাল ভাতে বাড়ে’- এই তত্ত্বে বিশ্বাস রেখে অভিজ্ঞদেরও যোগ্য মর্যাদা দেওয়া হয়েছে। তালিকায় ৬১ থেকে ৭০ বছর বয়সি প্রার্থী রয়েছেন ৪৭ জন। প্রবীণদের সংখ্যাও নেহাত কম নয়। ৭১ থেকে ৮০ বছর বয়সী প্রার্থী ২৩ জন এবং ৮০ বছরের বেশি বয়সী ২ জন রাজনৈতিক ব্যক্তিত্বকে টিকিট দেওয়া হয়েছে। 

সব মিলিয়ে অভিজ্ঞ প্রবীণদের হার প্রায় ২৬ শতাংশ। দলের ব্যাখ্যা, এলাকার পুরনো ইতিহাস ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের শক্তির সঙ্গে সমন্বয় করাই তাঁদের আসল লক্ষ্য।

এ বারের তালিকায় সবচেয়ে বড় চমক দেবাংশু ভট্টাচার্য। তৃণমূলের রাজ্য মুখপাত্র তথা সোশ্যাল মিডিয়া সেলের এই কাণ্ডারিকে চুঁচুড়া বিধানসভা থেকে প্রার্থী করা হয়েছে। 

এ ছাড়াও নজর কাড়ছেন পূর্বস্থলী উত্তরের বসুন্ধরা গোস্বামী, নোয়াপাড়ার তৃনাঙ্কুর ভট্টাচার্য এবং মানিকতলার শ্রেয়া পাণ্ডে। এঁরা প্রত্যেকেই ঘাসফুল শিবিরের ছাত্র ও যুব সংগঠনের পরিচিত মুখ। রাজনৈতিক মহলের মতে, ২০২৬-এর এই লড়াইয়ে আগামীর নেতৃত্ব তৈরিতেই জোর দিয়েছেন তৃণমূল নেত্রী।