আজকাল ওয়েবডেস্ক: স্ট্রংরুম ঘিরে বিবাদ থামছেই না। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিনও উত্তেজনা ছড়াল শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে। এবার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে গাড়ি ঢোকা নিয়ে উত্তেজনা ছড়াল। 

 

রবিবার পুলিশের সঙ্গে তৃণমূল কর্মী, সমর্থকদের তুমুল বচসা শুরু হয়। তৃণমূলের অভিযোগ, 'এক্স আর্মি' লেখা গাড়ি ড্যাশবোর্ডে ছিল বিজেপির পতাকা। পরীক্ষা না করেই কেন স্ট্রংরুমে সেই গাড়ি ঢুকবে? যা নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখান। 

এই ঘটনার কিছুক্ষণ পরেই ডিসিপি সাউথ কলকাতা এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছেন, "একটি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, আর্মি লেখা একটি গাড়ি যথাযথভাবে পরীক্ষা না করেই, শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমের সামনে দিয়ে যেতে দেওয়া হয়েছে। এটি ভুয়ো খবর।" 

গত বৃহস্পতিবার বিকেলেই ইভিএমে কারচুপির আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কয়েক ঘণ্টার মধ্যে ভবানীপুরের গণনা কেন্দ্র শাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে যান তিনি। বৃহস্পতিবার স্ট্রংরুম বিতর্কে দফায় দফায় উত্তেজনা বাড়ে। গভীর রাত পর্যন্ত সেখানে ছিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। তখন স্কুলের বাইরে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় স্ট্রংরুম।

 

রাজ্যজুড়ে ভোট-পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বিকেলেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভিডিওবার্তায় তিনি স্পষ্ট জানান, ইভিএম নিয়ে কারচুপির আশঙ্কা আছে এবং তাই স্ট্রংরুমে কড়া পাহারার প্রয়োজন। কর্মীদেরও স্ট্রংরুমের উপরে নজর রাখতে নির্দেশ দেন তিনি।

 

শাখাওয়াত মেমোরিয়ালে স্ট্রংরুমে হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের, এখানেই হবে গণনা। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে নিজের এজেন্টকে নিয়ে মমতা সেখানে যান। নিরাপত্তা ব্যবস্থা ও গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। 

 

মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, "মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করলেন, তার স্বচ্ছতা বজায় থাকা জরুরি। গণনায় কারচুপির চেষ্টা করলে বরদাস্ত করব না। আমাকে প্রথমে জওয়ানরা ভিতরে ঢুকতেই দিচ্ছিল না। কিন্তু এই কেন্দ্রের প্রার্থী হিসেবে আমার ভিতরে যাওয়ার অধিকার আছে। নির্বাচন কমিশনের নিয়ম আছে, প্রার্থী এবং তাঁর এজেন্ট সিলড রুমের বাইরে পর্যন্ত যেতে পারবেন। এখানে আমার কেন্দ্রের ইভিএম রয়েছে। নেতাজি ইন্ডোর-সহ অনেক জায়গায় ইভিএম নিয়ে কারচুপির ফুটেজ সামনে এসেছে। বাইরের লোক এসে পোস্টাল ব্যালট এদিক ওদিক করছে, তাই আমি আমার কেন্দ্রে এসেছি।" 

 

তবে কমিশনের পক্ষে সিইও মনোজ আগারওয়াল বৃহস্পতিবার রাতে কুণাল ঘোষ ও শশী পাঁজার তোলা স্ট্রংরুমে কারচুপি ও বহিরাগতদের আনাগোনার অভিযোগ খারিজ করেছেন। তাঁর দাবি, সব ইভিএম সুরক্ষিত রয়েছে। পোস্টাল ব্যালট বাছাইয়ের কাজ করছিল কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।