শ্রেয়সী পাল: অবশেষে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে যাবতীয় বাধা দূর হলো মুর্শিদাবাদের ফরাক্কা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী মহতাব শেখের। রাজ্যের এসআইআর ট্রাইবুনাল তাদের প্রথম রায়ে মুর্শিদাবাদের ফরাক্কা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা মহতাব শেখের নাম ভোটার তালিকায় ফেরানোর নির্দেশ দিয়েছে। রবিবার কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ ট্রাইবুনালে এই রায় দিয়েছে ।
মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে মহতাব শেখের নাম ফরাক্কা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছিল। কংগ্রেসের তরফ থেকে যখন তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় সেই সময়ে মহতাবের নাম ভোটার তালিকায় ছিল না।
নামের বানান সংক্রান্ত কিছু ভুল থাকায় মহতাবকে এসআইআর শুনানি প্রক্রিয়ায় নোটিশ ধরানো হয়েছিল। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলে দেখা যায় মাহাতাবের নাম 'ডিলিট' করে দেওয়া হয়েছে।
ভোটার তালিকায় নাম না থাকলে মহতাবের পক্ষে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব হতো না। সাপ্লিমেন্টারি তালিকায় মহতাবের নাম 'ডিলিট' হতেই তিনি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
সুপ্রিম কোর্টের নির্দেশে ধাপে ধাপে নিষ্পত্তি হয়ে যাওয়া ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। যদি সেই তালিকায় কোনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তাঁরা ভোটার তালিকায় নাম তুলতে ট্রাইবুনালে আবেদন করার সুযোগ পাবেন বলে জানিয়েছিল দেশের শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটারদের আবেদন শোনার জন্য ট্রাইবুনাল গঠিত হলেও তার কাজ শুরু না হওয়ায় সেখানে আবেদন করতে পারছিলেন না মহতাব। এই সমস্যার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কংগ্রেসের এই প্রার্থী। তাঁর আবেদন শোনার পর দেশের শীর্ষ আদালত ট্রাইবুনালকে জরুরী ভিত্তিতে মহতাবের আবেদন শোনার নির্দেশ দিয়েছিল।
মহতাবের আবেদন বিচার করে ট্রাইবুনাল রবিবার জানিয়েছে, আবেদনকারী এবং তাঁর বাবার নামে তথ্যগত অসংগতির কারণে নোটিশ পাঠানো হয়েছিল। তবে বাবার নামের ক্ষেত্রে কিছু ভুল থাকলেও মহতাবের নামে কোনও সমস্যা নেই। তাই অবিলম্বে তাঁর নাম ভোটার তালিকায় ফেরাতে নির্দেশ দিয়েছে এসআইআর ট্রাইবুনাল। রবিবার রাত আটটার মধ্যে মহতাবের নাম ভোটার তালিকায় তোলার নির্দেশ দেওয়া হয়েছে।
এসআইআর ট্রাইবুনালে শুনানির জন্য রবিবার কলকাতাতেই ছিলেন মহতাব। ট্রাইবুনালের রায় প্রকাশ হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মহতাব বলেন,"গত ২৮ ফেব্রুয়ারি থেকে উদ্বেগে ছিলাম। হাইকোর্ট, সুপ্রিমকোর্ট ঘুরে আজ ট্রাইবুনালে এসে আমার নাম ভোটার তালিকায় উঠলো। সোমবার আমি মনোনয়ন পত্র জমা করবো।"
তিনি জানান ,"আমার আইনজীবী ট্রাইবুনালে ভোটার এবং আধার কার্ডের নথি গ্রহণ করার আবেদন জানিয়েছিল। ট্রাইবুনাল আধার কার্ডের নথিকে মান্যতা দিয়েছে।" কংগ্রেস প্রার্থী জানান, "ইতিমধ্যে কংগ্রেস কর্মীরা আমার সমর্থনে ফরাক্কায় দেওয়াল লিখন এবং বাড়ি বাড়ি প্রচার শুরু করেছে। আমি ৭ তারিখ থেকে নিজে প্রচারের ময়দানে নামবো।"
অন্যদিকে মহতাবের নাম ভোটার তালিকায় ফিরতেই কংগ্রেসের প্রার্থী হওয়ার ক্ষেত্রে রনে ভঙ্গ দিয়েছেন ফরাক্কা বিধানসভা কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। রবিবার দুপুর থেকে তিনি বহরমপুরে কংগ্রেস পার্টি অফিসে অধীর চৌধুরীর সঙ্গে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য দীর্ঘক্ষন অপেক্ষা করছিলেন। কিন্তু ভোটার তালিকায় মহতাবের নাম ফেরার বিষয়টি নিশ্চিত এবং তাঁরই ফরাক্কা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি সুনিশ্চিত হতেই কংগ্রেস পার্টি অফিস ছাড়েন মনিরুল।
তিনি বলেন, "শনিবার আমি যে মনোনয়নপত্র জমা দিয়েছি সেটা অসম্পূর্ণ রয়েছে। বাড়ি ফিরে পরিবারের লোকেদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব আমি আদৌ নির্দল প্রার্থী হিসেবে ফরাক্কা বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করব কিনা।"
















