আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার শপথ নেবে বাংলার প্রথম বিজেপি সরকার। সেজে উঠেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। দলে দলে কর্মী–সমর্থকরা আসতে শুরু করেছেন ব্রিগেডে। জেলা থেকেও আসছেন নেতা ও কর্মীরা।


কালীঘাট মন্দিরের আদলে ব্রিগেডে শপথগ্রহণের মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চে মা কালী, মা দুর্গার ছবি রয়েছে। রয়েছে গঙ্গাসাগরের সাধুদের ছবিও। ২৫ বৈশাখ রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আলাদা করে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানো হচ্ছে ব্রিগেডে। বাজছে রবীন্দ্রসঙ্গীত।


এদিকে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছেন। অন্যদিকে, সকাল থেকেই ধীর ধীরে ব্রিগেডমুখী হয়েছেন মানুষ। বিজেপি কর্মী–সমর্থকরা দূরদূরান্ত থেকে কলকাতায় আসছেন প্রথম বিজেপি সরকারের শপথের সাক্ষী থাকবেন বলে। শনিবার সকাল থেকেই হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে বিজেপি কর্মী–সমর্থকদের ভিড় দেখা গেছে। দলে দলে ব্রিগেডের দিকে যাচ্ছেন তাঁরা। কারও হাতে পদ্মফুল, কারও হাতে বিজেপির পতাকা। দূরের জেলা থেকেও অনেকে কলকাতায় এসেছেন শপথগ্রহণের সাক্ষী থাকতে।


এদিকে, সকাল ১১টায় শপথগ্রহণ শুরু হওয়ার কথা। তার আগেই চলে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রেসকোর্সে আসার কথা তাঁর। সেখান থেকে ব্রিগেডে পৌঁছোবেন। কলকাতায় রয়েছেন অমিত শাহ। জানা গিয়েছে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী সহ ভাইরা উপস্থিত থাকবেন শপথ অনুষ্ঠানে। 


এদিকে, শনিবার সকালে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। লিখেছেন, ‘নোবেলজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁর উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করছি। কবিগুরুর অমর সৃষ্টি, দর্শন এবং দেশপ্রেম আমাদের জীবনের পাথেয়। বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে তিনি চিরকাল উজ্জ্বল হয়ে থাকবেন। তাঁর মহান বাণী ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির’ আগামী দিনে মানবসভ্যতাকে আরও এগিয়ে নিয়ে যাক।’