আজকাল ওয়েবডেস্ক: তাঁর কথা মতোই অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ জয় করেছে গেরুয়া শিবির। শনিবার রাজ্যে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাজ্যে আসছেন অমিত শাহ। তবে বৃহস্পতিবার জানা গেল, বৃহস্পতিতে নয়, শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্রের খবর, শুক্রবার সকালে তিনি দিল্লি থেকে রওনা দেবেন, দুপুর ১২টা ৪০ নাগাদ পৌঁছবেন কলকাতায়। শহরের পাঁচতারা হোটেলে টানা বৈঠক রয়েছে তাঁর। তারপরে, শনিবার সকালে যোগ দেবেন ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানে। অপর এক সূত্রে খবর, অমিত শাহ বৃহস্পতিবার রাতেও পৌঁছে যেতে পারেন কলকাতায়।
সূত্রের খবর, আগামিকালের ম্যারাথন বৈঠকেই, শাহি-উপস্থিতিতে ঠিক হবে মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীদের নাম।
সূত্রের খবর, এরাজ্যেও একজন উপমন্ত্রী থাকার সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভার তালিকায় কারা রয়েছেন। সূত্রের খবর, সেই তালিকায় রয়েছে দিলীপ ঘোষ বঙ্কিম ঘোষ, রুপা গাঙ্গুলি, রীতেশ তিওয়ারি, সজল ঘোষ, বিমান ঘোষ, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ, নিশীথ প্রামাণিক, ইন্দ্রনীল খাঁ, রত্না দেবনাথ, তাপস রায় সহ আরও অনেকে।
সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে ২০৭টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে গেরুয়া শিবির। এবার পালা মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা গঠনের। প্রাক নির্বাচনি নিয়ন্ত্রণের রাশ অমিত শাহ রেখেছিলেন নিজের হাতে। এবার ভোট পরবর্তী আবহে রাজ্যে দল ও প্রশাসনের সার্বিক কাঠামো ঠিক করতে সেই অমিত শাহই বাজি স্বয়ং নরেন্দ্র মোদির। মঙ্গলবারই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় দলের পরিষদীয় দলনেতা বাছাইয়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করেছে।
















