আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার সন্ধে ৬টা থেকেই শুরু হয়ে গেল সাইলেন্স পিরিয়ড। কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোটের আগে মঙ্গলবার সন্ধে ৬টা থেকেই সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গেল রাজ্যে। প্রথম দফায় যে ১৫২ আসনে ভোট। যে যে জেলায় বৃহস্পতিবার ভোট, সেখানে এই নিয়ম কার্যকর হবে। সব রাজনৈতিক দলকে এই নির্দেশ মানতেই হবে।


আবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। ওইদিন ১৪২ আসনে ভোট। সেক্ষেত্রে ২৭ এপ্রিল সন্ধে ৬টা থেকে ওই সমস্ত জায়গায় সাইলেন্স পিরিয়ড চলবে। কমিশন জানিয়েছে, সাইলেন্স পিরিয়ড শুরু হতেই যে সমস্ত বাসিন্দারা ওই এলাকার ভোটার নন, তাদের ওই এলাকা ত্যাগ করতে হবে। প্রচারের জন্য যে বহিরাগতরা এসেছেন তাদের এলাকা ত্যাগ করতে হবে।


কমিশন জানিয়েছে, গোটা বিষয়টি তদারকি করবেন ডিএসপি ও এসপিরা। কমিশন জানিয়েছে, ভোটের আগে ওই সমস্ত এলাকার হোটেল, লজ, রেস্তরাঁয় নিয়মিত পুলিশি তল্লাশি চলবে। আন্তঃজেলা ও আন্তঃরাজ্য সীমান্তে পর্যাপ্ত নজরদারি চলবে বলে জানিয়েছে কমিশন। 

এদিকে, দ্বিতীয় দফা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোতায়েন থাকবে ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে কমিশন। জানানো হয়েছে, সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন থাকবে উত্তর ২৪ পরগনায়।


উত্তর ২৪ পরগনায় মোতায়েন থাকবে ৫০৭ কোম্পানি। প্রসঙ্গত, প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। সেখানে ৩১৬ কোম্পানি। তার মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলাতেই থাকবে ২৪০ কোম্পানি বাহিনী। বাকি ৭৬ কোম্পানি মোতায়েন হবে জঙ্গিপুরে।