আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে নন্দীগ্রামের মহিলা ভোটারদের নিয়ে দিঘার জগন্নাথ ধাম দর্শন করানোর অভিযোগ। যা ঘিরে তুঙ্গে বিতর্ক। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে সরব হল বিজেপি। নন্দীগ্রাম থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের বিজেপি নেতাদের। পাল্টা আক্রমণ তৃণমূলের।
নির্বাচনী আচরণবিধি চালু থাকার মধ্যেই নন্দীগ্রামের মহিলাদের দিঘায় ঘুরতে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল মহিলাদের জগন্নাথ মন্দির দর্শনের নাম করে গাড়িতে করে দিঘায় নিয়ে গিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে। যা নির্বাচনী বিধি ভঙ্গের সামিল। এ বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপও দাবি করেছে তারা।
তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি প্রলয় পাল ও নন্দীগ্রামের বিজেপি অবজারভার অভিজিৎ মাইতি সাংবাদিক বৈঠকে জানান, রাজনৈতিক লড়াই হোক নীতির ভিত্তিতে। ভোটারদের প্রলোভন দেখিয়ে প্রভাবিত করা, গণতন্ত্র রক্ষার বিরুদ্ধ পদক্ষেপের সমান।
অন্যদিকে, বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিতকুমার রায় বলেন, কোথাও ভ্রমণে যাওয়া প্রত্যেকের ব্যক্তিগত অধিকার, এতে নির্বাচনী বিধি ভঙ্গের কোনও প্রশ্ন নেই। বিজেপি পরাজয়ের আশঙ্কায় ভিত্তিহীন অভিযোগ করছে বলেও কটাক্ষ করেন তিনি।
















