আবু হায়াত বিশ্বাস, দিল্লি: বাংলায় ভোট প্রচারে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ১৪ এপ্রিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আসছেন তিনি। দলীয় প্রার্থীর সমর্থনে করবেন সভা। 

 

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে দলের এক ঝাঁক শীর্ষ নেতা মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, পুরুলিয়া সহ বিভিন্ন জেলায় জনসভা, রোড শো করবেন। যে সব জেলায় দলের সংগঠন মজবুত ও দলীয় প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল, সেখানে বেশি করে নজর দেওয়া ও শীর্ষ নেতাদের নিয়ে জনসভা, রোড শো করানোর ওপর জোর দিয়েছে হাত শিবির। 

 

জানা গিয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও বাংলায় ভোট প্রচারে আসবেন শিগগিরই। দীর্ঘ কুড়ি বছর পরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে একা লড়ছে কংগ্রেস। ২৯৪ আসনেই তারা লড়ছে। 

 

বিজেপি ও তৃণমূল কংগ্রেসের দ্বিমেরু ভাষ্যকে সরিয়ে উন্নয়ন ও সুস্থতার রাজনীতিকে সামনে আনার ডাক দিয়ে ময়দানে নেমেছে হাত শিবির। কঠিন সময়ে ভোটের যুদ্ধে প্রার্থী হয়ে নেমেছেন অধীর চৌধুরী, শুভঙ্কর সরকার, মৌসম বেনজির নূরেরা। কংগ্রেসের এই লড়াইয়ে উৎসাহ জোগাতে রাজ্যে আসবেন কেন্দ্রীয় নেতারা। 

 

ইতিমধ্যেই দলের ইস্তাহার প্রকাশ করেছেন খোদ মল্লিকার্জুন খাড়গে। কলকাতায় গিয়ে ইস্তাহার প্রকাশ করেন তিনি। বাংলায় কয়েকটি জেলা ছাড়া দলের সংগঠন সেভাবে শক্ত পোক্ত নয় কংগ্রেসের। তবে তৃতীয় বিকল্প হিসেবে এবারের নির্বাচনে তুলে ধরতে চাইছে তারা। আগামী দিনে দলকে শক্তিশালী করার লক্ষ্যেই এককশক্তিতে লড়াই করছে তারা। 

 

আগেই কংগ্রেস নেতারা জানিয়েছিলেন, দলীয় কর্মী, সমর্থকদের দাবিকে মান্যতা দিয়েই একক লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের আগে তাঁদের মনোবল চাঙ্গা করতেই রাহুল, প্রিয়াঙ্কা সহ দলের তারকা প্রচারকরা আগামী এক সপ্তাহ বাংলায় প্রচারে ঝাঁপাবেন। 

 

উল্লেখ্য, শনিবারই মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভা করেছেন। বাংলায় একই দিনে তিন সভা করেছেন তিনি। পূর্ব বর্ধমানের কাটোয়ায় একটি সভা করেছেন। তার পর জনসভা করেন মুর্শিদাবাদের জঙ্গিপুরে। নবদ্বীপ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুরের প্রার্থীদের হয়ে প্রচার করেন। তৃতীয় সভাটি কুশমুন্ডিতে। মালদহ, উত্তর এবং দিনাজপুরের বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করছেন প্রধানমন্ত্রী মোদি।