আজকাল ওয়েবডেস্ক: বঙ্গ বিজেপির অস্বস্তি যেন কাটছেই না। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ক্ষোভের আগুন জ্বলছে দলের অন্দরে। এবার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তারক চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে ধুন্ধুমার চলল সল্টলেকের সেক্টর ফাইভের রাজ্য বিজেপি দপ্তরের সামনে। রবিবার রাতে কৃষ্ণনগর থেকে আসা ক্ষুব্ধ বিজেপি কর্মী-সমর্থকরা সেখানে জড়ো হয়ে প্রার্থী বদলের দাবিতে জোরালো বিক্ষোভ দেখান।

আন্দোলনকারী কর্মীদের সরাসরি অভিযোগ, কৃষ্ণনগর উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাস মোটা টাকার বিনিময়ে তারক চট্টোপাধ্যায়ের মতো একজনকে প্রার্থী করেছেন। কর্মীদের দাবি, বিগত লোকসভা নির্বাচনেও তারক চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির প্রমাণ মিলেছে, তাই এমন প্রার্থীকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ক্ষোভ এতটাই চরমে যে, কর্মীরা সাফ জানিয়ে দিয়েছেন প্রার্থী বদল না হলে ৪ জন প্রধান, ৪ জন মণ্ডল সভাপতি ছাড়াও জেলা স্তরের প্রায় ১০০ থেকে ১৫০ জন সক্রিয় কর্মী একযোগে ইস্তফা দেবেন। দিল্লির নেতাদের বিচারে প্রার্থী ঠিক হলেও, মাঠের লড়াইয়ে থাকা কর্মীদের এই বিদ্রোহ এখন বঙ্গ বিজেপি নেতৃত্বের কপালে বড় ভাঁজ ফেলে দিয়েছে।