আজকাল ওয়েবডেস্ক: বুথের ১০০ মিটারের বাইরেই ক্যাম্প। তবুও ভাঙচুর। এবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূলের কর্মীরা। এমনকী সিপিএমের ক্যাম্প ভাঙচুরের অভিযোগও উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
জানা গেছে, বাঁকুড়া জেলার ইন্দাস বিধানসভার লাউগ্রাম অঞ্চলের কদমা বুথের বাইরে সিপিএম ও তৃণমূলের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের দাবি, বুথের ১০০ মিটার বলয়ের বাইরে ক্যাম্প করা হয়েছিল। তা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী এই হামলা চালায়। এই হামলা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম ও তৃণমূল।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। আগামী ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট হবে: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর।
২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফার ভোট হবে: কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।
















