আজকাল ওয়েবডেস্ক: বাঙালি মানেই পাতে মাছ-ভাত। কিন্তু রাজনীতির ময়দানে এমন একজন প্রার্থীর খোঁজ মিলেছে, যিনি গত আড়াই বছর ভাতের ধারেকাছেও যাননি! জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস, এখন তাঁর এই অদ্ভুত খাদ্যাভ্যাসের কারণেই চর্চায়। 

 

কেন এই কৃচ্ছ্রসাধন? 

 

তিনি জানালেন, মেয়ের মাধ্যমিকের ফলাফল আশানুরূপ না হওয়ায় জেদ করেই 'অন্ন' ত্যাগ করেছিলেন। আড়াই বছর ভাতের 'মুখ' দেখেননি। যদিও এখন আবার ভাত খাওয়া ধরেছেন। বর্তমানে ভোটের ভরা বাজারে দিনভর ঝড় বৃষ্টি তো আবার কখনও কড়া রোদে প্রচার চললেও ক্লান্তি নেই তাঁর। খিদে মেটাতে সঙ্গে রাখছেন শুধুই কাজু, কিশমিশ আর খেজুরের মতো ড্রাই ফ্রুটস। মেয়ের প্রতি ভালবাসা আর নিজের সংকল্পকে সঙ্গী করেই এখন ভোটের লড়াইয়ে ব্যস্ত জলপাইগুড়ির কৃষ্ণ।  

 

পিছিয়ে নেই কৃষ্ণ দাসের মেয়ে। কন্যা প্রণয়িতা দাসকে বাবার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হতেই কোমর বেঁধে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাচ্ছে। 

 

বরাবরই সংবাদ শিরোনামে উঠে আসেন এই কৃষ্ণ দাস। রাজনৈতিক সভা সমিতিতে একের পর এক রাজবংশী ভাষায় ভাষণ দিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামেও এর আগে এসেছেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নেমে জলপাইগুড়ির এই আসনটি অনায়াসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপহার দেবেন বলে দাবি কৃষ্ণ দাসের। তাঁর বিপক্ষে এবার ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করছেন বিশিষ্ট আইনজীবী অনন্ত দেব অধিকারী। তৃণমূলের বিরুদ্ধে এক অংশ মাটি ছাড়তেও নারাজ বিজেপি প্রার্থী।