আজকাল ওয়েবডেস্ক: ভারত সরকারের নির্দেশ, ভোট পরবর্তী হিংসা রুখতে প্রয়োজনে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেয়াত করা হবে না। কোনও রং দেখা হবে না। ভারত সরকারের তরফে নির্দেশ পৌঁছেছে। নির্বাচন পরবর্তী হিংসার ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়ে দিলেন প্রশাসনের আধিকারীকরা।
হুগলি জেলায় চন্দননগর পুলিশ কমিশনারেট এবং হুগলি গ্রামীণ পুলিশ এলাকায় কয়েকটি ছোট ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত নির্বাচন পরবর্তী হিংসার কোনও বড় ঘটনা ঘটেনি। এখনও জেলায় পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। কিউ আর টি টিম সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। গ্রামীণ ও চন্দননগর পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুমের ফোন নাম্বার সাধারণ মানুষের জন্য দেওয়া হয়েছে। কোনও রকম অশান্তির খবর পেলেই পুলিশ করা ব্যবস্থা নেবে।
এদিন এই বিষয়টি আশ্বস্ত করছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন হুগলি জেলাশাসক দপ্তরে জেলাশাসক খুরশিদ আলী কাদরী, চন্দনগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, হুগলি গ্রামীন পুলিশ সুপার সানি রাজ ও আধা সামরিক বাহিনীর দায়িত্ব প্রাপ্ত আধিকারিক একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই স্পষ্ট করে দেওয়া হয় নির্বাচন পরবর্তী হিংসার কোন জায়গা নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে তাদের জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হবে। কিছু ঘটনার ক্ষেত্রে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করবে। ভোট পর্ব মিটে যাওয়ার পর বিভিন্ন জায়গায় হিংসা ও অশান্তির খবর আসতে শুরু করে। সেগুলো বন্ধ করতে তৎপর হয়েছে প্রশাসন। ভুয়ো খবর ছড়ানোর ক্ষেত্রে সমাজ মাধ্যমকে ব্যবহার করলে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
















