আজকাল ওয়েবডেস্ক: ভোটের মাঝেই কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় একাধিক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থতার অভিযোগে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, অবিলম্বে সাসপেন্ড করা হতে পারে পাঁচজন পুলিশ আধিকারিককে। তালিকায় রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই, এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবার থানার আইসি মৌসুম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্থি থানার ওসি শুভেচ্ছা বাগ।
অভিযোগ, দায়িত্ব পালনের সময় তাঁরা নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ঈশানী পালের বিরুদ্ধেও ওয়ার্নিং জারি করা হয়েছে কমিশনের নির্দেশিকায়।
অধস্তন আধিকারিকদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে ব্যর্থতার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে কমিশন।
পাশাপাশি, ২৫ এপ্রিল সকাল ১১টার মধ্যে এই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, এদিন আরও এক নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।
সেখানে জানানো হয়েছে, ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার ভোটগ্রহণে পশ্চিমবঙ্গের ৪৪,৩৭৬টি এবং তামিলনাড়ুর ৭৫,০৬৪টি ভোটকেন্দ্রের কোনওটিতেই পুননির্বাচনের সুপারিশ করা হয়নি।
অর্থাৎ, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে প্রথম দফায় গোটা নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভোট চলাকালীন আইন-শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন এবার অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে।
সামান্য অভিযোগকেও গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এর মাঝে ডায়মন্ডহারবারের এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।















