আজকাল ওয়েবডেস্ক: বৈশাখের চড়া রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। সেই গরম সহ্য করতে না পেরে দুর্গাপুরে ভোটপ্রচারে এসে মাঝপথেই রোড শো ছেড়ে চলে গেলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। আর প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় মানুষ থেকে শুরু করে খোদ বিজেপি কর্মীরাই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, হতাশ অনুরাগী ও কর্মীদের একাংশকে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা যায়।

শনিবার দুপুরে শিল্পাঞ্চল দুর্গাপুরের কুড়ুরিয়া ডাঙা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের সমর্থনে একটি রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। সঙ্গে ছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর রোড শো শুরু হলেও মহাগুরুকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। 

প্রথমে হুডখোলা গাড়িতে ছাতা মাথায় দিয়ে প্রচার শুরু করেন মিঠুন। তাঁকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু সেই উৎসাহ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সূচি অনুযায়ী প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করার কথা থাকলেও মাত্র ১০০ মিটার যাওয়ার পরই মেজাজ হারান মহাগুরু। গরম সহ্য করতে না পেরে আচমকাই রথ থেকে নেমে নিজের শীতাতপ নিয়ন্ত্রিত ব্যক্তিগত গাড়িতে উঠে পড়েন তিনি। নিরাপত্তার ঘেরাটোপে গাড়ির কাঁচ তুলে দিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে যান তিনি।

এই আকস্মিক প্রস্থানে কার্যত থতমত খেয়ে যান বিজেপি কর্মীরা। দীর্ঘক্ষণ রোদে অপেক্ষার পর মিঠুন এভাবে ‘পালিয়ে’ যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক বিজেপি কর্মীই প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। তাঁদের মধ্যে কেউ কেউ হতাশায় তৃণমূলের স্লোগান ‘জয় বাংলা’ দিতে শুরু করেন, যা নিয়ে শিল্পাঞ্চলে রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে।

যদিও ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই। তাঁর সাফাই, “রাস্তা খুব সরু ছিল এবং প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। এছাড়া রোড শো শুরু করতেও দেরি হয়। মিঠুনদাকে অন্য জায়গায় অনুষ্ঠানে যেতে হতো, তাই তিনি চলে গিয়েছেন।” তবে প্রার্থীর এই যুক্তি মানতে নারাজ স্থানীয় অনুরাগী ও কর্মীরা। তাঁদের মতে, মহাগুরুর এই আচরণ কর্মীদের মনোবল ভেঙে দিয়েছে।