আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী দায়িত্বে এসে কেন্দ্রীয় জওয়ানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল ফলতা বিধানসভা কেন্দ্রের দোস্তিপুর এলাকায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর দেহ। মৃত জওয়ানের নাম কনক কোচ। তিনি অসমের বাসিন্দা এবং আইটিবিপি (ITBP)-র একজন হেড কনস্টেবল ছিলেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনের কাজের জন্য প্রায় ৮৬ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ফলতা এলাকায় মোতায়েন করা হয়েছিল। তাঁদের থাকার ব্যবস্থা করা হয় দোস্তিপুর হাইস্কুলে। অন্যান্য জওয়ানদের সঙ্গে কনক কোচও সেখানেই থাকছিলেন। মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া সেরে সকলেই নিজেদের মতো বিশ্রামে যান।

বুধবার সকালে আচমকাই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যখন স্কুলের বারান্দা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় কনক কোচের দেহ। সহকর্মীরা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন এবং তড়িঘড়ি তাঁকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হসপিটালে। তবে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কেন্দ্রীয় বাহিনীর মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং শুরু হয় প্রাথমিক তদন্ত। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওই জওয়ানের মৃত্যু হতে পারে। যদিও ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এটি নিছক দুর্ঘটনা, না কি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে।