আজকাল ওয়েবডেস্ক:‌ তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটপ্রচারে আসছেন হেমন্ত সোরেন। জানা গেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্তকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের তফসিলি অধ্যুষিত আসনগুলিতে তৃণমূলের হয়ে প্রচার করতে দেখা যাবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত এইসব জেলাগুলিতে বেশ কয়েকটি জনসভা করে তৃণমূলকে জেতানোর কথা বলবেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন। আগে এইসব অঞ্চলগুলিতে প্রার্থী দিত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঝাড়গ্রাম, পুরুলিয়ার কয়েকটি আসনে ভাল ভোটও পেত শিবু সোরেনের দল। কিন্তু এবার বিধানসভা ভোটে তৃণমূলকে সরাসরি সমর্থনের পাশাপাশি প্রচারও করছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা।


জঙ্গলমহলের কিছু আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এখনও সংগঠন রয়েছে। ঝাড়খণ্ড বিধানসভা ভোটের সময় হেমন্তকে সরাসরি সমর্থন জানিয়েছিলেন মমতা। তাই এবার মমতার হয়ে প্রচার করবেন হেমন্ত। 


জানা গিয়েছে, ১৮ এপ্রিল শনিবার পুরুলিয়া জেলায় তিনটি জনসভা করবেন হেমন্ত। একটি হবে কাশীপুরের ধানারা ফুটবল মাঠে। অন্যটি মানবাজারের বাদরা হাইস্কুল ফুটবল মাঠে। আর অপরটি হবে বান্দোয়ানের আঁকড়া ফুটবল মাঠে। 


প্রসঙ্গত, বিজেপির হয়ে বাংলায় ইতিমধ্যেই প্রচার করেছেন যোগী আদিত্যনাথ থেকে অসমের হিমন্ত বিশ্বশর্মা, মধ্যপ্রদেশের মোহন যাদব, ওডিশার মোহন চরণ মাঝি, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি। দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিজেপির হয়ে এ রাজ্যে আরও প্রচার করবেন। এই পরিস্থিতিতেই তৃণমূল দিল মাস্টার স্ট্রোক। এবার তাদের হয়ে প্রচার করবেন হেমন্ত সোরেন। 

প্রসঙ্গত, বাংলায় এবার দুই দফায় হবে বিধানসভা ভোট। প্রথম দফা ২৩ এপ্রিল। ওইদিন হবে ১৫২ আসনে ভোট। দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ওইদিন হবে ১৪২ আসনে ভোট। ফলপ্রকাশ ৪ মে।