আবু হায়াত বিশ্বাস: বাংলার বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক সংখ্যালঘু প্রার্থী দিল কংগ্রেস। প্রকাশিত তালিকা অনুযায়ী ৬৬ জন সংখ্যালঘু প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। সোমবার আরও বেশ কিছু নাম ঘোষণা হতে পারে। সূত্রের খবর, কংগ্রেস নেতা রাহুল গান্ধী জাতিগত সমীকরণ মেনে এতদিন 'জিতনি আবাদী উতনি হক' -স্লোগান দিয়েছিলেন, সেই স্লোগান বাস্তবে রূপায়ণের চেষ্টা দেখা গিয়েছে প্রকাশিত কংগ্রেসের প্রার্থী তালিকায়। এসসি, এসটিদের ক্ষেত্রেও প্রার্থী তালিকায় সমান সুযোগ দেওয়া হয়েছে। জানা গিয়েছে ৭০এর বেশি সংখ্যালঘু প্রার্থীকে এবার টিকিট দিতে চলেছে হাত শিবির।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আগামীকাল সোমবার দুপুর বারোটায় দিল্লিতে কংগ্রেস দপ্তরে বেশ কিছু নেতা হাত শিবিরে নাম লেখাবেন। কংগ্রেসের প্রকাশিত তালিকায় ২৮৪ জনের নাম রয়েছে এখনো বাকি ১০ জন। মনে করা হচ্ছে, আগামীকালই ওই দশজনের নাম জানিয়ে দেবে কংগ্রেস নেতৃত্ব। প্রার্থী ঘোষণা হওয়ার পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার শুরু করে দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। বাংলার শাসক দল এবারে নির্বাচনে ৪৭ জন মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছে। তবে তুলনামূলকভাবে কংগ্রেসের প্রার্থী চাই মুসলিম প্রার্থী আধিক্য বেশি। কংগ্রেস সুকৌশলে সংখ্যালঘু এবং দলিতদের ভোট পেতে প্রার্থী ঘোষণা করেছে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের পরই রাজ্যে ভোট প্রচারে আসছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। খোদ রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধীরা ভোট প্রচার করবেন। দলের নেতারা নিশ্চিত এতে বাংলায় কংগ্রেস কর্মীরা উজ্জীবিত হবে এবং একটা বড় অংশের ভোট তারা পাবে।














