আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার থেকেই বাংলায় শুরু হয়ে যাচ্ছে ভোটগ্রহণ। প্রসঙ্গত, বাংলায় এবার দুই পর্বে হচ্ছে ভোট। ২৩ ও ২৯ এপ্রিল। প্রথম পর্যায়ে ভোট যে জেলাগুলিতে রয়েছে সেখানে নির্বাচন কমিশনের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী সিনিয়র সিটিজেন যারা রয়েছেন। বলা ভাল যারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে অক্ষম তাদের আবেদনের ভিত্তিতে ভোটগ্রহণের কাজ ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে।
যদিও কিছু কিছু জেলায় এই কাজ আগেই শুরু হয়ে গিয়েছে। যেমন পুরুলিয়ার ৯টি বিধানসভায় ৫৫৮৮ জনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। যা চলেছে দুই দিন। নির্বাচন কমিশনের প্রতিনিধি তথা ভোটকর্মীরা ব্যালট বাক্স ও অন্যান্য সামগ্রী নিয়ে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নিয়েছেন।
এটা ঘটনা, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ৮৫–র বেশি বয়স্কদের ও শারীরিকভাবে অক্ষমদের জন্য বাড়িতেই ভোটগ্রহণ করা হবে। সেইমতো যাঁরা এই সুবিধা নিতে ইচ্ছুক, তাঁরা নির্বাচন আধিকারিকের কাছে আবেদন করতে পারেন।
এদিকে, বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে জানা আগেই জানা গিয়েছিল, জেলায় এমন প্রায় ১২ হাজার ভোটারের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এরপর কমিশনের নির্দেশ মেনে মঙ্গলবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভোটকর্মীরা পৌঁছে যান বাড়ি বাড়ি। অশিতিপর ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়ি বাড়ি। নির্দিষ্ট প্রক্রিয়ায় একেবারে বাড়ির মধ্যেই ভোটিং কম্পার্টমেন্ট তৈরি করে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।















