আজকাল ওয়েবডেস্ক: রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সংক্রান্ত এক নির্দেশিকা প্রকাশ করা হয়।
সেখানে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়োগ কমিটি সিদ্ধিনাথ গুপ্তার চাকরির মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানিয়েছে। আপাতত তিনি রাজ্য পুলিশের ডিজি পদে আরও ছ’মাস বহাল থাকবেন বলে জানা গিয়েছে।
এর আগে একসঙ্গে ১২ পুলিশ আধিকারিকের দপ্তর বদলে দেওয়া হয় কমিশনের নির্দেশিকার পর। সরিয়ে দেওয়া হয় কলকাতা পুলিশের তিন যুগ্ম কমিশনারকে।
কলকাতা পুলিশের নতুন গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র। সরানো হয়েছে যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদকে। এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশে একযোগে উচ্চপদস্থ আধিকারিকদের বদলি করা হয়েছে।
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় প্রশাসনিক পদক্ষেপ করল ভারতের জাতীয় নির্বাচন কমিশন। (১১ এপ্রিল ২০২৬) জারি হওয়া নির্দেশিকায়, রাজ্যের একাধিক আইপিএস ও রাজ্য পুলিশের আধিকারিকদের বদলি ও নতুন পদ অনুমোদন করা হয়েছে।
নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের পাঠানো প্রস্তাব খতিয়ে দেখে কমিশন বদলির তালিকা অনুমোদন করেছে।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই প্রশাসনিক রদবদল করা হয়েছে। ভোটের আগে আইন-শৃঙ্খলা জোরদার করতেই এই সিদ্ধান্ত।
















