আজকাল ওয়েবডেস্ক:‌ ভোটের আগে ফের পুলিশ প্রশাসনে রদবদল। এবার বেলডাঙা থানার আইসি’‌কে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সম্প্রতি বেলডাঙার এসডিপিও বদল করা হয়েছিল। এবার থানার আইসিকে বদলে দিল কমিশন। 


নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বেলডাঙা থানার নতুন আইসি করা হল আশুতোষ রাইকে। তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের ইনস্পেক্টর ছিলেন। তাঁকে পাঠানো হল বেলডাঙায়। সেই পদে এতদিন ছিলেন অনিমেষ দে। ভোটের মুখে তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কমিশন। মঙ্গলবার রাত ৮টার মধ্যেই আশুতোষকে বেলডাঙা থানার আইসি হিসাবে দায়িত্ব নিতে বলা হয়েছে।


এটা ঘটনা, গত ১১ এপ্রিল কলকাতা এবং রাজ্য পুলিশে একগুচ্ছ বদল করেছিল নির্বাচন কমিশন। বদলির সেই নির্দেশে ছিলেন বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই। তাঁর জায়গায় বেলডাঙার নতুন এসডিপিও করা হয় আনন্দজিৎ হোড়কে। 


প্রসঙ্গত, গত ১৫ মার্চ নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যে আমলা এবং আইপিএস পদে টানা বদল করে চলেছে কমিশন। ভোট ঘোষণার দিন মধ্যরাত থেকেই এই বদলের কাজ শুরু হয়েছিল। রাজ্যের বেশ কয়েক জন আমলা এবং পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছিল কমিশন। যা এখনও অব্যাহত রয়েছে। 

প্রসঙ্গত, রাজ্যে দুই দফায় হতে চলেছে বিধানসভা ভোট। ২৯৪ আসনের বিধানসভায় প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল ১৫২ আসনে। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে ১৪২ আসনে।


ইতিমধ্যেই প্রথম দফার মনোনয়ন জমা ও স্ক্রুটিনির কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৯ এপ্রিল। মনোনয়ন খুঁটিয়ে দেখার কাজ হয়েছে গত ১০ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল গত ১৩ এপ্রিল দুপুর তিনটে পর্যন্ত। সেই সময়সীমা শেষ হয়েছে।


অবশেষে নির্বাচন কমিশন জানিয়েছে, এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে লড়াই করছেন ২৯২৬ জন প্রার্থী। তার মধ্যে প্রথম দফার নির্বাচনে ১৫২ আসনে প্রার্থীর সংখ্যা ১৪৭৮। আর দ্বিতীয় দফায় ১৪২ আসনে প্রার্থীর সংখ্যা ১৪৪৮। জানানো হয়েছে, কমিশনের অ্যাপে সমস্ত প্রার্থীর বিবরণ জানতে পারবেন ভোটদাতারা।