আজকাল ওয়েবডেস্ক: নেতাজি ইন্ডোরের স্ট্রং রুমে নিরাপত্তাহীনতা ও কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার সন্ধ্যায় ধুন্ধুমার পরিস্থিতি হয় সেখানে। তবে, জোড়া-ফুলের তরফে তোলা সব অভিযোগ খারিজ করে দিলেন সিইও মনোজ আগরওয়াল। পাশাপাশি, তৃণমূলের এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিও-টিও 'ভুয়ো' বলে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গের সিইও-এর এক্স অ্যাকাউন্টের মাধ্যমে।
কমিশনের কী যুক্তি?
এ দিন রাতে সাংবাদিক বৈঠক করে সিইও মনোজ আগারওয়াল জানান, পোস্টাল ব্যালট বাছাইয়ের প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়ম মেনেই করা হচ্ছে এবং এ বিষয়ে ইমেলে রাজনৈতিক দলগুলো ও বেলেঘাটার ১৩ জন প্রার্থীকে আগেই অবহিত করা হয়েছিল। তিনি বলেন, "স্ট্রংরুম সিলড রয়েছে। কয়েকজন এইআরও ব্যালট ভাগ করছিলেন, সেই ফুটেজ দেখেই কারচুপির অভিযোগ করা হয়েছে। এটা একেবারে মিথ্যে, ভিত্তিহীন।"
সিও জানান, একাধিক কেন্দ্রের ইভিএম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে থাকা পোস্টাল ব্যালট বৃহস্পতিবার আলাদা করছিলেন এইআরও। রাজনৈতিক দলগুলোকে অবহিত করা সত্ত্বেও সেই পোস্টাল ব্যালট আলাদা করার ভিডিও দেখেই কারচুপির অভিযোগ করা হয়েছে।
মনোজ আগরওয়ালের দাবি, কড়া নিরাপত্তায় স্ট্রংরুম একশো শতাংশ সুরক্ষিত রয়েছে। অকারণে তৈরি করা হচ্ছে অশান্তির পরিবেশ।
বৃহস্পতিবার সন্ধ্যের পর শাখাওয়াত মেমোরিয়ালের স্ট্রং রুমে পৌঁছেছেন তৃণমূল নেত্রী তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। সে প্রসঙ্গে হলে সিইও বলেন, "কোনও প্রার্থী যেতেই পারেন, তাতে আমাদের বলার কিছু নেই।"
বৃহস্পতিবার বিকেলে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা অভিযোগ করেন যে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সিল করা স্ট্রং রুমের ভেতর নিয়ম বহির্ভূতভাবে বাইরের লোক প্রবেশ করছে। একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তাঁরা দাবি করেন, স্ট্রং রুমের ভেতরে অজানা ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং ভেতরে ঢুকে পরিস্থিতি খতিয়ে দেখার দাবিতে তৃণমূলের কলকাতার দুই হেভিওয়েট প্রার্থী ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনেই ধর্নায় বসে পড়েন।
সেই ধর্না বিক্ষোভ চলার মাঝেই ঘটনাস্থলে এসে পড়েন বিজেপির কলকাতার দুই প্রার্থী তাপস রায় ও সন্তোষ পাঠক। স্বাভাবিকভাবেই দুই পক্ষের কর্মী, সমর্থদের মধ্যে শুরু হয় বচসা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। শেষপর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে, ধর্না তুলে নেন কুণাল ঘোষ ও শশী পাঁজা।
এদিকে স্ট্রং রিমের নিরাপত্তাহীনতার অভিযোগ জানতে পেরেই তৃণমূল নেত্রী দ্রুত পৌঁছন শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। এই কেন্দ্র ভবানীপুরের স্ট্রং রুম। মমতা ব্যানার্জি ওই কেন্দ্রেই তৃণমূল প্রার্থী।















