আজকাল ওয়েবডেস্ক: অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বাইক নিয়ে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। আর এবার সেখানে খানিকটা হলেও স্বস্তি মিলল। কমিশনের আগের জারি করা নির্দেশে খানিকটা বদল করা হল। সেখানে বলা হয়েছে ওলা,উবের, জোমাটো এবং সুইগির প্রতিও তারা বিশেষ নির্দেশিকা জারি করছে। যারা এই পরিষেবাগুলি দিয়ে থাকেন তাদের সকলের কাছে সঠিক পরিচয়পত্র থাকতে হবে। যেসব আধিকারিকরা রাস্তায় থাকবেন তারা এই পরিচয়পত্রগুলি সঠিকভাবে খতিয়ে দেখবেন। তাই এগুলি সঠিক থাকা একান্ত দরকার। যাতে ভোটের দিনগুলিতে এই ধরণের পরিষেবাগুলি ধাক্কা না খায় সেজন্যেই এই পদক্ষেপ নিল কমিশন।
প্রসঙ্গত, মঙ্গলবারই বাইক ব্যবহার করা নিয়ে বড়সড় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, বাংলায় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত করতে বিঘ্ন রোধে রাজ্যজুড়ে বাইক ব্যবহারে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে।
ভোটের দু’দিন আগে থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকে কোনও মোটরবাইক র্যাজলি করা যাবে না। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন বা পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোটরসাইকেলে পিলিয়ন রাইডার (যারা বাইকের পিছনে বসেন) নেওয়া যাবে না। তবে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি, পারিবারিক অনুষ্ঠান বা প্রয়োজনীয় ক্ষেত্রে, যেমন স্কুলপড়ুয়াদের নিয়ে আসা-যাওয়া, এই নিয়মের ব্যতিক্রম থাকবে।
ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে মোটরসাইকেলে পিলিয়ন রাইডার হিসেবে ভোট দিতে যাওয়া বা অন্যান্য জরুরি প্রয়োজনে বাইকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে কমিশনের তরফে। তবে বিশেষ প্রয়োজনে এই বিধিনিষেধ থেকে ছাড় পেতে সংশ্লিষ্ট এলাকার থানার কাছ থেকে লিখিত অনুমতি নেওয়ার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন।















