আজকাল ওয়েবডেস্ক: ভোটের মুখে মঙ্গলবার রাতে তোলপাড় গোটা রাজ্য। কারণ? জাতীয় নির্বাচন কমিশনের সাইটে পশ্চিমবঙ্গের সব বাসিন্দাকেই 'বিচারাধীন' তালিকায় দেখা গেল। খানিকক্ষণ আগেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে সমাজমাধ্যমে জানানো হল, নির্বাচন কমিশনের সাইটে 'বিচারাধীন' তালিকায় রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। পাশাপাশি নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নাম ভোটার তালিকা থেকেই মুছে দেওয়া হয়েছে।
সমাজমাধ্যমে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, "গোটা রাজ্যই 'বিচারাধীন'। এখন অভিষেক ব্যানার্জির নাম 'বিচারাধীন' তালিকায়। এমনকী শুভেন্দু অধিকারীর নাম বাদ চলে গেল। এটা প্রযুক্তিগত সমস্যা নাকি ভ্যানিশ কমিশনের মধ্যরাতে আতঙ্ক ছড়ানোর চেষ্টা, এটা অত্যন্ত উদ্বেগজনক। এর ফলাফল ভয়ঙ্কর হতে চলেছে। এখনও পর্যন্ত এসআইআর-এর কারণে আতঙ্কে, দুশ্চিন্তায়, মানসিক চাপে ২০০ জনের মৃত্যু হয়েছে। এবার এই ধরনের উপেক্ষার জেরে যদি আরও একটি প্রাণহানি হয়, তাহলে সেই রক্ত লেগে থাকবে নির্বাচন কমিশনের গায়ে। এর দায় কি নির্বাচন কমিশন নেবে?"
প্রসঙ্গত, এসআইআর-এর শুনানির পরেও যাঁদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম ছিল, মঙ্গলবার রাতে তাঁদেরকেও 'বিচারাধীন' তালিকায় দেখা গেছে। এপিক নম্বর দিয়ে সার্চ করলেও বিচারাধীন দেখাচ্ছে কমিশন। সোমবার রাত ন'টায় প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কথা ছিল নির্বাচন কমিশনের। কিন্তু নির্ধারিত সময় তালিকা প্রকাশ করেনি কমিশন। তালিকা বেরতে বেরতে প্রায় মধ্যরাত। এরপর মঙ্গলবার রাতে ফের কমিশনের সাইটে এহেন সমস্যা দেখা যায়।
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন ছিল। সেই সকল ভোটারদের নাম বিচারবিভাগীয় আধিকারিকদের দিয়ে যাচাই করা হচ্ছে। সোমবার ২৮ লক্ষ ভোটারের তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। তবে কত সংখ্যক ভোটারের নাম প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ করা হয়েছে তা স্পষ্ট করেনি কমিশন। ৮০ হাজার ৬৮১-এর মধ্যে ৪০ হাজার বুথের তালিকা প্রকাশ হয়েছে বলে জানিয়েছে কমিশন। তবে মোট কতজন বাদ গিয়েছে তা জানানো হয়নি।
যাঁদের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ যাবে তাঁরা অ্যাপালেট ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশনের কথা অনুযায়ী, এখনও ট্রাইব্যুনাল গঠন হয়নি। ২৪ জন প্রাক্তন বিচারপতিকে জেলাভিত্তিক নিয়োগ করা হবে। তার মধ্যে ১৯ জনকে নিয়োগ করা হয়েছে। বাকি এখনও হয়নি। তারপর সমস্ত দিক খতিয়ে দেখে তারপর ট্রাইব্যুনাল গঠন হবে। কমিশন আরও জানিয়েছে, চলতি সপ্তাহ থেকে প্রতি শুক্রবার একটি করে তালিকা প্রকাশ করা হবে।
