আজকাল ওয়েবডেস্ক: ভোট প্রচারে বেরিয়ে আগুন নেভালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার। শনিবার পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভা এলাকায় প্রচার চালানোর সময় কর্মীদের নিয়ে গেঁড়াই জঙ্গল পেরোচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎই জঙ্গলের একাংশে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন প্রার্থী। গোটা এলাকা ঢেকে যাচ্ছিল ধোঁয়ায়। গ্রীষ্মকাল হওয়ায় নিচে পড়ে থাকা শুকনো পাতা দ্রুত ধরে যাচ্ছিল। পাতা পোড়ার চড়চড় আওয়াজ শোনা যাচ্ছিল অনেকটা দূর থেকেই। দ্রুত ছড়িয়ে পড়ছিল আগুন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ প্রচারের কাজ বন্ধ করে দেন শ্যামাপ্রসন্ন লোহার। এরপর কর্মীদের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন । আলাদা করে দিতে থাকেন আগুন লেগে যাওয়া পাতার থেকে পাশে পড়ে থাকা শুকনো পাতা। আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন তাঁর সঙ্গে থাকা দলীয় কর্মীরাও। পাশাপাশি আগুনে সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে দ্রুত বনদপ্তরকেও খবর দেন শ্যামাপ্রসন্ন। বনদপ্তর আসার আগেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে।
ঘটনা প্রসঙ্গে প্রার্থী বলেন, এই আগুন যদি না নেভানো যায়, তাহলে বহু জীবজন্তুর ক্ষতি হবে। এই জঙ্গল আমাদের অক্সিজেনের ভাণ্ডার। এর ক্ষতি হলে আমরাও বিপদের মুখে পড়বো। তাই এই জঙ্গলকে রক্ষা করা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। জানা গিয়েছে, দ্রুত উদ্যোগ নেওয়ায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
















