আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ফরাক্কায় বোমা বিস্ফোরণের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার গভীর রাতে মূল অভিযুক্ত সাইমুল শেখকে ঝাড়খণ্ডের পাকুড়ের একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করে ফরাক্কা থানার পুলিশ।
ধৃত ব্যক্তির পুলিশি হেফাজতের আবেদন করে মঙ্গলবার তাঁকে জঙ্গিপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ জেলায় বিধানসভা নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে বোমা-বারুদের গন্ধে সোমবার সকালে কেঁপে ওঠে ফরাক্কা থানা এলাকার নয়নসুখ-মানিকনগর এলাকা।
অভিযোগ ওঠে, ওই এলাকার কংগ্রেসের নেতা সাইমুল শেখ ভোটের দিন এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য বাড়ির ছাদে কিছু বোমা মজুত করে রেখেছিলেন। সোমবার সকালে সাইমুলের বাড়িতে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন।
সেই সময় হঠাৎই তার বাড়িতে থাকা বোমাগুলো ফেটে যায় এবং বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আতঙ্কে রাস্তায় নেমে আসেন এলাকার বাসিন্দারা। বোমা বিস্ফোরণের ঘটনার খবর পাওয়ার পরই ওই এলাকায় পৌঁছে যায় ফরাক্কা থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং অন্য উচ্চপদস্থ আধিকারিকরা।
তবে বিস্ফোরণের ঘটনার পর থেকে বেপাত্তা হয়ে যান বাড়ির মালিক সাইমুল শেখ এবং তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য। সোমবার গভীর রাতে ফরাক্কা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, বোমা বিস্ফোরণের পর সাইমুল ঝাড়খণ্ডের পাকুড়ের একটি গোপন ডেরায় লুকিয়ে রয়েছেন।
রাতেই পুলিশের একটি দল সেখানে অভিযান চালায় এবং সাইমুলকে গ্রেপ্তার করে ফরাক্কা থানায় নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে সাইমুল শেখ কংগ্রেসের প্রার্থী হিসেবে নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের ১৩৭ নম্বর বুথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
এরপর সক্রিয় রাজনীতি থেকে কিছুদিন দূরে ছিলেন সাইমুল। গত প্রায় বছরখানেক ধরে সাইমুল দিল্লিতে রংমিস্ত্রি হিসেবে এবং পরিযায়ী শ্রমিক সরবরাহের কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন।
ফরাক্কা ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল বাশির বলেন, ‘আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী মেহতাব শেখ এই কেন্দ্র থেকে জিততে চলেছেন। তাঁর হয়ে প্রচারে ফারাক্কা বিধানসভা এলাকায় সাইমুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।’
আব্দুলের অভিযোগ, ‘এই কারণে গত বেশ কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেস কর্মীরা সাইমুলকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ভরার হুমকি দিচ্ছিলেন। বোমা বিস্ফোরণের ঘটনাটি সম্পূর্ণ সাজানো।
ভোটের ঠিক আগে যাতে কংগ্রেস এলাকায় দুর্বল হয়ে পড়ে সেই কারণে সাইমুলকে গ্রেপ্তার করা হয়েছে।’ যদিও নাম না প্রকাশের শর্তে ওই এলাকার একাধিক বাসিন্দা দাবি করেন, গত পঞ্চায়েত নির্বাচনেও ভোটের আগে সাইমুল এলাকায় ব্যাপক বোমাবাজি করেছেন।
তার বিরুদ্ধে বহিরাগতদের এলাকায় নিয়ে এসে বোমা তৈরির অভিযোগ রয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কংগ্রেস কর্মীর গ্রেপ্তারি নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গোটা বিষয়টি পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে দেখছে। আমরা দোষীদের কঠোর শাস্তি দাবি করছি।’
















