আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই খুলবে ইভিএম-এর মুখ, আর স্পষ্ট হবে বাংলার মসনদে শেষ পর্যন্ত কে বসতে চলেছেন। গোটা রাজ্য যখন উত্তেজনায় ফুটছে, তখন হাই ভোল্টেজ এই লড়াইয়ের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে ইষ্টদেবতার স্মরণেই দিন শুরু করলেন বিজেপি প্রার্থীরা।

রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন মন্দিরে বিজেপি প্রার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জনগণের রায় যা-ই হোক না কেন, শেষ মুহূর্তে ঈশ্বরের আশীর্বাদ নিতে কোনো খামতি রাখছেন না হেভিওয়েট প্রার্থীরা। নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সন্ধ্যাবেলায়  ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দেন। অন্যদিকে, মা কালীর আশীর্বাদ নিতে কালীঘাট মন্দিরে হাজির হয়েছিলেন এন্টালির প্রার্থী প্রিয়াঙ্কা তীব্রেওয়াল, চৌরঙ্গীর সন্তোষ পাঠক এবং জোড়াসাঁকোর প্রার্থী বিজয় ওঝা। খড়্গপুর সদর আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকেও দেখা যায় সকালে থাকদাঁড়ি কালী মন্দিরে গিয়ে মা কালী এবং মহাদেবের আরাধনা করতে।

 

বাংলার মসনদ কার দখলে যাবে—সবুজ আবির উড়বে নাকি গেরুয়া শিবির শেষ হাসি হাসবে—তার উত্তর পেতে আর মাত্র কয়েক সময়ের অপেক্ষা। আপাতত সাধারণ মানুষের নজর টিভির পর্দা আর নিউজ পোর্টালগুলোর দিকে। সবার মনে একটাই প্রশ্ন, শেষ পর্যন্ত কার কপালে জয়ের তিলক জুটবে? উত্তর মিলবে আজ বিকেলের মধ্যেই।