আজকাল ওয়েবডেস্ক: রাত পোহালেই বহু প্রতীক্ষিত ভোট গণনা। কিন্তু তার ঠিক আগের রাতেই মধ্যমগ্রাম বিধানসভার সুভাষ নগর এলাকায় ভিভিপ্যাট (VVPAT) স্লিপ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো। রাস্তার ধারে জঞ্জালের স্তূপের মধ্যে স্লিপগুলি গড়াগড়ি খেতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুভাষ নগরের একটি পাম্পের পাশে আবর্জনার মধ্যে বেশ কিছু ভিভিপ্যাট স্লিপ পড়ে থাকতে দেখা যায়। আশ্চর্যজনকভাবে, ওই স্লিপগুলিতে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ছিল। উদ্ধার হওয়া স্লিপগুলির মধ্যে বামপ্রার্থীর সপক্ষে ভোটদানের স্লিপের সংখ্যা বেশি ছিল বলে দাবি করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে ভিড় জমান।
ঘটনাটি নিয়ে শোরগোল শুরু হতেই প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হয়। প্রাথমিক তদন্তের পর জানানো হয়েছে, উদ্ধার হওয়া কাগজগুলি আসল ভোটের নয়, বরং ভোটগ্রহণের দিন সকালে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে যে ‘মক পোল’ (Mock Poll) বা মহড়া হয়, এটি তারই অংশ। তবে এই স্লিপগুলো কীভাবে রাস্তায় এল, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে এবং একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।















