আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বে আবারও অশান্তির ছবি উঠে এল পশ্চিম মেদিনীপুরের সবং থেকে।
অভিযোগ, ভোট দিতে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে বেধড়ক মারধরের শিকার হয়েছেন এক তৃণমূল কর্মী। জানা গিয়েছে, আহত কর্মীর নাম অনন্ত প্রামাণিক।
জানা গিয়েছে, সবং বিধানসভার আট নম্বর অঞ্চলের সাউতপাড়া এলাকার ১৪৫ নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন তিনি। সেই সময় হঠাৎই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে আটকায় এবং অভিযোগ অনুযায়ী, কোনও প্ররোচনা ছাড়াই মারধর শুরু করে।
মারধরের ফলে তাঁর পিঠে গুরুতর চোট লাগে বলে জানা গেছে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অনন্ত প্রামাণিককে দ্রুত সবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।
তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সঙ্গে দেখা হলে কান্নায় ভেঙে পড়েন ওই তৃণমূল কর্মী। নিজের উপর হওয়া অত্যাচারের কথা জানান। এই ঘটনাকে কেন্দ্র করে বুথ চত্বরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, এদিন কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে উত্তেজনা চরমে ওঠে। বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ ও হামলার অভিযোগ।
বিজেপির দাবি, তাদের প্রার্থী শুভেন্দু সরকারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এমনকী, দলের এক এজেন্টকেও মারধর করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বুথের বাইরে একটি সরু আলপথ দিয়ে হাঁটছিলেন বিজেপি প্রার্থী। সেই সময় প্রায় ১০-১২ জন ব্যক্তি তাঁকে ঘিরে ধরেন এবং আচমকাই তাঁর ওপর চড়াও হন।
ভিডিওতে কিল-ঘুষি মারার দৃশ্যও ধরা পড়েছে। পরিস্থিতি সামাল দিতে একজন উর্দি পরা ব্যক্তি দ্রুত ছুটে এসে তাঁকে রক্ষা করার চেষ্টা করেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি প্রার্থীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন।
পরে তাঁকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনাস্থলে সেই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। যদিও বিজেপি প্রার্থীর দাবি, কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে ও সামনে মোতায়েন ছিল।
















