আজকাল ওয়েবডেস্ক: আহত হলেও ভোটদান থেকে বিরত থাকলেন না। হাসপাতাল থেকে এসেই ভোট দিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ। 

 

গত সোমবার আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। তখন আহত হয়েছিলেন তিনি। আরামবাগ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন সাংসদ মিতালী বাগ। আজ বুধবার বেলায় অ্যাম্বুল্যান্সে করে ভোটকেন্দ্রে পৌঁছন তিনি। হুইলচেয়ারে বসে নিজের ১৩৯ নম্বর বুথে ভোট দিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ। 

 

প্রসঙ্গত, গত সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সভায় যোগ দিতে যাওয়ার পথে মিতালী বাগের গাড়িতে হামলা চালানো হয়। তৃণমূল সাংসদের অভিযোগ, গোঘাটের বিজেপি প্রার্থীর দলীয় কার্যালয়ের সামনে তাঁর গাড়ি দাঁড় করিয়ে এলোপাথাড়ি লাঠি চালানো হয়। গাড়ির কাচ ভেঙে গিয়েছে। গোটা ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুলে, তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন নির্বাচন কমিশনের। 

 

ফেসবুক লাইভ করে ঘটনার বিবরণ দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। কমিশনকে একহাত নিয়ে বলেন, 'এইভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আটকানো যাবে না। নির্বাচন কমিশন জেনে রাখুন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা হার মানব না।' 

 

আক্রান্ত মিতালী বাগকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। তৃণমূল সাংসদের সঙ্গে দেখা করেই সভা শুরু করেন তিনি। সেই সভা থেকে অভিষেক বলেন, 'খেলা যখন ওরা শুরু করেছে মিতালীর উপর আক্রমণ করে, শেষটা আমি করব চার তারিখ, কথা দিলাম।' 

 

দ্বিতীয় দফার ভোট রয়েছে কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়।‌ দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষলগ্নে উত্তপ্ত হয়ে উঠেছিল আরামবাগ। যদিও তারপরও আহত অবস্থায় ভোট দিলেন মিতালী।