আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার ২৯১টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ব্যারাকপুর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্যকে। প্রার্থী ঘোষণার পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। তরুণ মুখকে সামনে এনে নোয়াপাড়ায় নতুন সমীকরণ গড়ার বার্তা দিয়েছে শাসকদল। 

নাম ঘোষণা হতেই প্রচার শুরু করার আগে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন তৃণাঙ্কুর। সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকেরা। পুজো দিয়ে এলাকার মানুষের আশীর্বাদ নিয়েই তিনি নির্বাচনী লড়াই শুরু করলেন। তৃণমূলের তরফে জানানো হয়েছে, যুব নেতৃত্বকে সামনে রেখে এবার নোয়াপাড়ায় জয়ের লক্ষ্যেই এগোচ্ছে দল।

অন্যদিকে, নৈহাটি বিধানসভায় সনৎ দের উপরই আস্থা রাখল তৃণমূল। এর আগে নৈহাটি বিধানসভা উপনির্বাচনেও তৃণমূলের প্রার্থী ছিলেন সনৎ। বিধানসভাত নির্বাচনেও তিনি লড়বেন নৈহাটি থেকে। অভিজ্ঞতা এবং সংগঠনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগের কথা মাথায় রেখেই আবারও তাঁকেই প্রার্থী করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

প্রার্থী ঘোষণার পরেই নির্বাচনী প্রচারের শুভ সূচনা করতে বড়মার মন্দিরে গিয়ে পুজো দেন সনৎ দে। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় কর্মী ও সমর্থকেরা। পুজো দিয়ে এলাকার মানুষের আশীর্বাদ নিয়েই তিনি প্রচার শুরু করেন। তৃণমূল মতে, স্থানীয়স্তরে সনতের গ্রহণযোগ্যতা এবং কাজের অভিজ্ঞতাই নৈহাটিতে তাদের জয়ের অন্যতম ভরসা।

বরাবগরে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হয়েছে সায়ন্তিকা ব্যানার্জি। মঙ্গলবার সন্ধ্যায় বড়মার মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে তিনি বলেন, "২০২৪-এর উপানির্বাচনে মায়ের আশীর্বাদেই জিতেছিলাম। বড়মার উপরে অনেক বিশ্বাস। দল আমাকে সুযোগ দিয়েছে বরানগরে। তাই যাত্রা শুরুর আগে মায়ের আশীর্বাদ নিতেই হবে। সজল ঘোষ ২০২৪-এও প্রার্থী হয়েছিলেন। কিন্তু হেরে গিয়েছিলেন। ন্যাড়া বেলতলায় একবারই যায়। কিন্তু তিনি দ্বিতীয়বার এসেছেন। অসুবিধা নেই। বরানগরের মানুষ গণতান্ত্রিক উপায়ে জবাব দেবেন।"

এবারে পশ্চিমবঙ্গে দুই দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। প্রথম দফা ২৩ এপ্রিল ও দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ভোট গণনা ৪ মে। ইতিমধ্যে রাজ্যে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। আরও বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী ভোটের আগেই রাজ্যে চলে আসবে। মঙ্গলবার বিকেলে তিন আসনে অনীত থাপাকে ছেড়ে দিয়ে বাকি ২৯১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।